জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ


১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫২

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। জাতিসংঘের এই সংস্থা এবং বাংলাদেশের কর্তৃপক্ষের করা প্রতারণা ও জালিয়াতির অভিযোগের তদন্তের মুখে বুধবার ৯ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন। তাৎক্ষণিকভাবে তার পদত্যাগ কার্যকর হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স সায়মা ওয়াজেদের পদত্যাগপত্রটি দেখেছে। এতে তিনি ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাসকে জানান, দায়িত্ব পালনে তাকে বাধা দেয়ায় সংস্থাটির নেতৃত্বের ওপর তার আস্থা ও বিশ্বাস হারিয়ে গেছে। প্রায় এক বছর ধরে বেতন-ভাতা না পাওয়ায় তার আর্থিক অবস্থাও অসহনীয় হয়ে উঠেছে বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।

২০২৪ সালের শুরুতে পাঁচ বছর মেয়াদে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তবে ২০২৫ সালের জুলাইয়ে তাকে প্রশাসনিক ছুটিতে পাঠায় ডব্লিউএইচও। পরে তাকে বিনা বেতনে প্রশাসনিক ছুটিতে রাখা হয়।

এর আগে ২০২৫ সালের মার্চে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন সায়মা ওয়াজেদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করে। ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ে ওই মামলা হয়।

ডব্লিউএইচও’র অভিযোগের মধ্যে রয়েছে চীন সফরকে কেন্দ্র করে আর্থিক প্রতারণা এবং নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেয়ার বিষয়। এ ছাড়া তার বিরুদ্ধে ঢাকায় অবৈধভাবে একটি জমি অধিগ্রহণের অভিযোগও রয়েছে।

সায়মার পদত্যাগ এমন এক সময়ে হলো, যখন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভপতি হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার দায়িত্ব গ্রহণের একদিনের মাথায় পদত্যাগ করলেন হাসিনা কন্যা পুতুল।