দোয়ারাবাজারে ছাত্রশিবিরের এসএসসি ও দাখিল কৃতী শিক্ষার্থী সংবর্ধনা


৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৫

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : ‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’— এই প্রতিপাদ্য সামনে রেখে এসএসসি/দাখিল সমমান উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দোয়ারাবাজার উপজেলা শাখা। গত ৬ সেপ্টেম্বর রোববার বেলা ১২টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ মডেল মসজিদের হলরুমে এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়। এতে উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত জিপিএ-৫ প্রাপ্তসহ প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীরা সংবর্ধনায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি তারেক মনোয়ার। প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম। বিশেষ অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞান, দক্ষতা, চরিত্র ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলাই হবে প্রকৃত সফলতা।
বর্তমান প্রজন্মকে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। আর শিক্ষার্থীদের এই কৃতিত্বকে মূল্যায়ন আমরা আমাদের দায়িত্ব বলে মনে করি। ইসলামী ছাত্রশিবির তোমাদের সাথে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। তোমরা যদি তোমাদের মেধার সাথে সততার সমন্বয় করতে পারো, তাহলেই কেবল তোমাদের দ্বারা আগামীর বাংলাদেশকে ইনসাফপূর্ণ একটি দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।
দোয়ারাবাজার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মারুফের সভাপতিত্বে এবং সেক্রেটারি সালমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের অর্থসম্পাদক আব্দুর রাশিদ, দোয়ারাবাজার উপজেলা সাবেক সভাপতি জুবায়ের আহমদ ও আজিজুর রহমান।