সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার
২৯ আগস্ট ২০২৬ ১১:১৭
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা তাদেরকে সে পথ থেকে ফেরানোর চেষ্টা করছি। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল, নির্বাচিত সরকার ১৮০ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু ক্ষমতায় এসে সরকার জুলাই সনদ বাস্তবায়ন থেকে দূরে সরে যাচ্ছে। তারা এখন জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে। সেপ্টেম্বরে ১৮০ দিন পূর্ণ হবে। আমরা আশা করবো, সরকার জুলাই সনদ বাস্তবায়ন অধিবেশন ডেকে সে সনদকে বাস্তবায়ন করবে। অন্যথায়, আমরা এদেশের জনগণকে নিয়ে সনদ বাস্তবায়নে আন্দোলনের সিদ্ধান্ত নিবো।
শুক্রবার ২৮ আগস্ট দুপুর ১২টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত ইউনিট সভাপতিদের সম্মেলন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পরে বিকাল ৩টায় আইটি কনভেনশন হলে কুমিল্লা-নোয়াখালী অঞ্চলে জেলা মহানগরীর কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির আলোচনা রাখেন তিনি।
কুমিল্লা-নোয়াখালী অঞ্চলে পরিচালক ও সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমের সভাপতিত্বে অঞ্চল সহকারী পরিচালক ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ পরিচালনা শিক্ষা শিবির বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার, অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে গোলাম পরওয়ার বলেন, এদেশে সব বিষয়ক একজন মন্ত্রী রয়েছে। তিনি সকল মন্ত্রণালয় নিয়ে কথা বলেন। জাতীয় সংসদের বিরোধী দলকে ছোট করে তিনি বক্তব্য রাখেন। অথচ, তার মন্ত্রণালয়ের অধীনে থাকা আইনশৃঙ্খলার অবনতির দিকে তার খেয়াল নাই।
সরকারের উদ্দেশে গোলাম পরওয়ার বলেন, আমরা দৃশ্যমান কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না। সব দিকে শুধু সরকার দলীয় লোকদের মারামারি দেখতে পাচ্ছি। দেশে উন্নয়নের বৈষম্য চলছে। বিরোধী দলের সংসদ সদস্যের আসনে সুষম বরাদ্দ দেওয়া হচ্ছে না। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচিত সংসদ সদস্য তাঁর এলাকায় সকল উন্নয়ন করবে, উদ্বোধন করবে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বিরোধীদলের সংসদ সদস্যের এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের দারোয়ান হিসেবে উন্নয়ন তদারকির দায়িত্ব প্রদান করেছে। যা বেমানান। এতে করে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আরো খাটো করা হচ্ছে।
সরকারকে উদ্দেশ করে পরওয়ার আরও বলেন, বিরোধী দলের ১৩ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছে। তাহলে সরকারদলীয় সংসদ সদস্যদের এলাকায় আমাদের নারী সংসদ সদস্যদের তদারকির দায়িত্ব দেওয়া হোক।
এরআগে জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রহিম, মজলিসে শূরা সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন ওপেলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।