ইসলামী আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে -মাওলানা মুহাম্মদ শাহজাহান


২৭ আগস্ট ২০২৬ ০৯:৪৭

গাইবান্ধা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা শাহজাহান বলেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতকে ক্ষমতায় আসতে দেয়া হয়নি। জুলাই সনদ ব্যস্তবায়নে সরকারের টালবাহানা মেনে নেয়া হবে না। প্রয়োজনে আন্দোলনের মাধ্যম জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।
গত ২১ আগস্ট শুক্রবার গাইবন্ধার দারুল আমান ট্রাস্টে দিনব্যাপী রোকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা শাহজাহান বলেন, বর্তমানে ইসলামী আন্দোলন ও নেতাদের প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। দায়িত্বশীলদের চরিত্র হননের বিভিন্নমুখী ষড়যন্ত্র করা হচ্ছে। এ যাবতীয় ষড়যন্ত্র থেকে সকলকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, জনগণ আমাদের ভোট দিয়েছে, তাদের কাছে টানতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে, সুখ-দুঃখের খবর নিতে হবে। জনগণের সমস্যাগুলো শুনে, তাদের ছোট ছোট অভিযোগ আমলে নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য দায়িত্বশীলদের আরও যত্নবান হতে হবে।
শাহজাহান আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জন করে ময়দানে বিভিন্নমুখী ষড়যন্ত্রের হাত থেকে নিজেকে এবং সংগঠনকে রক্ষা করতে হবে। নতুন তরুণ প্রজন্মকে কাজ দিয়ে তাদের যোগ্য করে তুলতে হবে।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বিদায়ের সময় জনগণের আন্দোলনের পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে বিশাল সাহায্য এসেছিল। সেজন্য স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। এর জন্য আল্লাহর সাহায্য ও মুজিজাকে অস্বীকার করা যাবে না। আমাদের দায়িত্বশীলদের আল্লাহর কাছে বেশি বেশি করে ধরনা দিতে হবে এবং তাহাজ্জুদের সময় সাহায্য চাইতে হবে।