মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি শুক্রবার শপথ


২০ আগস্ট ২০২৬ ১০:১৫

স্টাফ রিপোর্টার : বিএনপি মনোনীত পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নিশ্চিত। এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন।
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবারও সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হবে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। এর মধ্য দিয়ে ৩৫ বছর পর এ পদে ভোট দেখতে পেলেন দেশবাসী। যদিও জাতীয় সংসদে সব মিলিয়ে ২৪৭টি আসন নিয়ে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া আগেই নিশ্চিত। অপরদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে ৯০ সংসদ সদস্য রয়েছেন। সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে ভোট হয়।
নির্বাচনের ব্যালট পেপারের দুটি অংশ ছিলো একটি মুড়ি অংশ, আরেকটি ব্যালট পেপার অংশ। মুড়ি অংশে থাকে তিনটি তথ্য আর একটি ব্ল্যাংক স্পেস। তিনটি তথ্য হচ্ছে- ক্রমিক নম্বর, সংসদ সদস্যের নাম এবং তার বিভক্তি নম্বর যেটা জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। সূত্রে প্রকাশ, একটি স্পেসে সংসদ সদস্য পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালটটা গ্রহণ করেন। ডান পাশের অংশে ছিলো প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম। প্রিন্টের পাশে ডানদিকে স্পেস যেখানে সংসদ সদস্যরা তাদের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট দেন। এরপরে নির্ধারিত ব্যালট বাক্সে তারা ব্যালট পেপারটা জমা দেন। বিকাল ৫টা পর্যন্ত ব্যালট গ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে সংসদকক্ষেই গণনা করা হবে। পরে সেখানে ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন। পরে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ফ্যাসিস্ট আমলের রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুসারে, পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। ওই ৯০ দিন শেষ হওয়ার আগেই এ পদে ভোটগ্রহণ হয়। এর আগে গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে ইসি।
সংসদের ৩০০ আসনের মধ্যে একটি আসন শূন্য রয়েছে। সংরক্ষিত আসনে এমপি আছেন ৫০ জন। সব মিলিয়ে ত্রয়োদশ সংসদে ৩৪৯ এমপি রয়েছেন, যারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার। এর মধ্যে সংরক্ষিত আসন মিলিয়ে সংসদে বিএনপির সংসদ সদস্য ২৪৭ জন, জামায়াতের ৭৭, স্বতন্ত্র ৮, এনসিপির ৮, বাংলাদেশ খেলাফত মজলিসের ৩, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১, বিজেপির ১, গণসংহতি আন্দোলনের ১, গণপরিষদের ১, খেলাফত মজলিসের ১ এবং জাগপার ১ জন সদস্য রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি
নবনির্বাচিত রাষ্ট্রপতি ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন সচিবালয় ও সংসদ সচিবালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এমন বিশিষ্ট অতিথিদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হয়েছেন।
নির্ভরযোগ্য ওই সূত্র জানায়, দেশের ২৩তম রাষ্ট্রপতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। শপথ নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে তার সাংবিধানিক দায়িত্ব নেবেন এবং নতুন মেয়াদের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গভবনে অবস্থান করবেন।