মিডিয়ার জগতে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সততা ও দক্ষতা বিকশিত করতে হবে : এডভোকেট জুবায়ের
১ আগস্ট ২০২৬ ১১:১০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, প্রচার ও মিডিয়া বিভাগ একটি বিশেষায়িত বিভাগ। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এ বিভাগের বিশালতা, গভীরতা ও ব্যাপকতা অনেক বেশি। ইলেকট্রনিক্স , প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আগে মিডিয়ার জগৎ ছিল অনেক ছোট; বর্তমানে মিডিয়া এক বিশাল ইন্ডাস্ট্রি। তিনি বিশেষ করে প্রচার ও মিডিয়ার জগতে আমাদের অবস্থান আরো সুসংহত করার উপর গুরুত্ব দেন তিনি।
শুক্রবার ৩১ জুলাই বেলা ১১টায় স্থানীয় একটি মিলনায়তনে মৌলভীবাজার জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগীয় দায়িত্বশীলদের শিক্ষাবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রচার ও মিডিয়া বিভাগীয় জেলা সভাপতি মো. ইয়ামীর আলীর সভাপতিত্বে শিক্ষা বৈঠকে মহাগ্রন্থ আল কুরআনের সূরা আল হুজুরাত হতে দারস পেশ করেন প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক।
এডভোকেট জুবায়ের বলেন, ইসলামী আন্দোলন সকল সময় হলুদ মিডিয়া ষড়যন্ত্রের শিকার। কোনো কোনো মিডিয়ায় আমাদের অনেক ভালো অর্জনকে ছোট করে প্রদর্শন করা হয়। অথচ বিচ্ছিন্ন কিছু ঘটনাকে অনেক বড় করে উপস্থাপন করা হয়- এটা অনেকটা মিডিয়া সন্ত্রাস। এ অপপ্রচারের মোকাবেলায় আমাদের লড়াই করতে হবে আদর্শ, নৈতিকতা ও চরিত্র দিয়ে।
প্রচার ও মিডিয়া বিভাগের বহুমুখী চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এ বিভাগের প্রত্যেক জনশক্তিকে একজন ভালো মানের সাংবাদিক হতে হবে, একজন সৎ যোগ্য দক্ষ রিপোর্টার হতে হবে। এক্ষেত্রে পেশাগত দক্ষতা অর্জনে অনেক সময় দিতে হবে, প্রচুর লেখাপড়া করতে হবে ও বেশি বেশি পরিশ্রম করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আন্তরিকতার সাথে কাজ করতে পারলে একটা সময়ে এ জগতে আমাদের অবস্থান আরও সুসংহত হবে, ইনশাআল্লাহ।
তিনি চব্বিশের রক্তাক্ত বিপ্লবের দাবি জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে ব্যাপক জনমত গঠনের লক্ষ্যে প্রচার ও মিডিয়া বিভাগকে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান।
শিক্ষা বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রচার ও মিডিয়া বিভাগীয় ইউনিট টিম সদস্য মো. হাবিবুর রহমান, মো. আজাদুর রহমান, আবদাল মাহবুব কোরেশী, আব্দুস সামাদ ও আব্দুল হাই প্রমুখ।