বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে: মিয়া গোলাম পরওয়ার
২৪ জুলাই ২০২৬ ২০:৪৫
শুক্রবার ২৪ জুলাই নীলফামারী জেলা জামায়াত কার্যালয়ে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যদের নিয়ে দু’দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। এতেই দেশটা একটা সংঘাতের দিকে চলে যাচ্ছে।
শুক্রবার ২৪ জুলাই নীলফামারী জেলা জামায়াত কার্যালয়ে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যদের নিয়ে দু’দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিদ্যমান রাষ্ট্রব্যবস্থাকে সংস্কার করে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও দলীয়করণমুক্ত করার পাশাপাশি প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতার লাগাম টেনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্যে সংবিধানের ৮৪টি সংস্কার প্রস্তাবে জনগণ সমর্থন দিয়েছিল।
তিনি আরও বলেন, যে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার গঠন করেছে, তাদের মধ্যে এক ধরনের কর্তৃত্ববাদী মানসিকতা তৈরি হয়েছে। এর ফলে রক্ত দিয়ে অর্জন করা ‘জুলাই সনদ’ এবং এর ভিত্তিতে অনুষ্ঠিত ১২ ফেব্রুয়ারির গণভোটে প্রায় পাঁচ কোটি মানুষের রায়কে তারা উপেক্ষা করছে।
নীলফামারী জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন নীলফামারী-০৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এবং নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, পলিটিক্যাল সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ স্থানীয় নেতারা।