প্রয়াস মেলায় হাউজি জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন
২২ জুলাই ২০২৬ ১৪:৫২
রংপুর সংবাদদাতা : জাগ্রত নাগরিক সমাজের উদ্যোগে রংপুর নগরীর সেনানিবাস সংলগ্ন প্রয়াসের মেলায় হাউজি-জুয়ার বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জাগ্রত নাগরিক সমাজ।
গত ১৯ জুলাই রোববার বিকেলে রংপুর প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নগরীর ঘাঘট চত্বরে প্রয়াসের উদ্যোগে আয়োজিত মেলায় হাউজি, জুয়া, লটারি ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রম সমাজে নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি ও অপরাধপ্রবণতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। দ্রুত এসব কর্মকাণ্ড বন্ধ করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। তিনি বলেন, বর্তমানে সমাজের সর্বত্র মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো মাদক নিয়ন্ত্রণে কাজ করলেও কাক্সিক্ষত ফল আসছে না। এর অন্যতম কারণ, দায়িত্বপ্রাপ্ত অনেকেই যথাযথভাবে দায়িত্ব পালন করছেন না।
মাহবুবুর রহমান বেলাল এমপি বলেন, দেশের মানুষ সেনাবাহিনীকে একটি দেশপ্রেমিক ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে শ্রদ্ধা করে। সে কারণে সেনাবাহিনীর পরিচালনাধীন প্রয়াস প্রাঙ্গণে মেলার নামে কোনো ধরনের হাউজি, জুয়া, লটারি বা অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হলে তা সাধারণ মানুষ মেনে নেবে না।
তিনি অবিলম্বে এসব কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বলেন, দাবি উপেক্ষিত হলে বর্তমান আন্দোলন আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচিতে রূপ নেবে।