আদর্শ জীবন গঠনে আত্মশুদ্ধি ও নৈতিক নেতৃত্ব জরুরি : মুহাম্মদ শাহজাহান
১৮ জুলাই ২০২৬ ১১:১৯
শুক্রবার ১৭ জুলাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে হোটেল সৈকতে আয়োজিত দিনব্যাপী সদস্য শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ব্যক্তি, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আত্মশুদ্ধি, নৈতিকতা ও আদর্শভিত্তিক জীবন গঠনের বিকল্প নেই। ব্যক্তির চরিত্র, সততা ও দায়িত্ববোধই একটি কল্যাণমুখী সমাজ বিনির্মাণের প্রধান ভিত্তি।
শুক্রবার ১৭ জুলাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে হোটেল সৈকতে আয়োজিত দিনব্যাপী সদস্য শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, আদর্শবান মানুষ গড়ে তুলতে হলে কোরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণ, আত্মসমালোচনা, শুদ্ধ চরিত্র গঠন এবং সময়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। ব্যক্তিগত ও সামাজিক জীবনে সততা, আমানতদারি, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধের চর্চা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, জ্ঞানার্জন, আত্মউন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ততার মাধ্যমে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে হবে। আদর্শ, নৈতিকতা ও কর্মদক্ষতার সমন্বয়েই ব্যক্তি ও সমাজের টেকসই উন্নয়ন সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সুসংগঠিত ও জনমুখী কার্যক্রম জোরদার করতে হবে। পরিকল্পিত সাংগঠনিক কার্যক্রম, দক্ষ নেতৃত্ব এবং শ্রমিকদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে শ্রমিক কল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঈমান মানুষের জীবনে ত্যাগ, দায়িত্ববোধ ও ন্যায়বিচারের চেতনা সৃষ্টি করে। ব্যক্তি ও সমাজের কল্যাণে আন্তরিকতা, মানবসেবা এবং আল্লাহভীতির চর্চাই একজন মুমিনের প্রকৃত পরিচয়।
অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, সৎ, দক্ষ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব। এজন্য জনসম্পৃক্ততা এবং পরিকল্পিত উদ্যোগের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, আদর্শবান, দক্ষ ও দায়িত্বশীল কর্মীই একটি সেবামুখী সংগঠনের মূল শক্তি। নিয়মিত প্রশিক্ষণ, নৈতিক মানোন্নয়ন এবং জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে সংগঠনের কার্যকারিতা আরও বৃদ্ধি করা সম্ভব।
তিনি বলেন, শিক্ষা শিবিরে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে শ্রমজীবী মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তাহলেই সমাজে ইতিবাচক পরিবর্তন এবং মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ খায়রুল বাশার, ফয়সাল মুহাম্মদ ইউনুছ এবং সাংগঠনিক সম্পাদক ও চসিক মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন মহানগর সহসভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, মহানগর সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমেদ, মহানগর কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স. ম. শামীম, প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম এবং পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।