নতুন প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে তারা মুখ ফিরিয়ে নেবে -মুহাম্মদ শাহজাহান
২৫ জুন ২০২৬ ১০:৫৫
ফেনী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলনা মুহাম্মদ শাহজাহান বলেছেন, নতুনদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। এই নতুন প্রজন্মের মনের ভাষা যদি আমরা বুঝতে ব্যর্থ হই, তাহলে তারা আবার মুখ ফিরিয়ে নেবে।
তিনি আরও বলেন, রাজধানীতে ১৫ আসনের মধ্যে আমরা ৭টি আসন পাওয়া যেমন আশাব্যঞ্জক, তেমনি বিরাট চ্যালেঞ্জও। এবারের নির্বচনে নতুন জনগোষ্ঠীর সম্পৃক্ততা আমাদের জন্য আশাজাগানিয়া।
গত ২০ জুন শনিবার বিকেলে ফেনী শহরের একটি হোটেলে জেলা জামায়াতের উদ্যোগে ছাত্রশিবিরের সাবেক সদস্যদের এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, ১২ ফেব্রুয়ারির আগের আর পরের বাংলাদেশ এক নয়। আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানি, আমরা ডিপষ্টেট সম্পর্কে জানি। তারপরও আল্লাহ আমাদের ওপর বিরাট জিম্মাদারি দিয়েছেন। নির্বাচনের পরে আমাদের চেয়েও সাধারণ মানুষ বেশি ক্ষুব্ধ হয়েছে, বেশি ব্যথিত হয়েছে।
মুহাম্মদ শাহজাহান আরও বলেন, গতিশীলতাই মুমিন জীবনের ধর্ম। যারা একবার বাইয়াত নিয়েছেন তারা এখন গতি হারিয়ে বাইয়াতের ওপর জুলুম করছেন। আপনাদের আন্দোলনের গুরুত্ব বোঝানোর কিছু নেই। হায়াতের একটি বড় অংশ হারিয়ে গেছে। সদস্য শপতের সিদ্ধান্ত আজই নিন।
জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক ও ড. মোবারক হোসেন, ফেনীর সাবেক জেলা আমীর একেএম শামছুদ্দিন, জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুফ।
চরিত্র মাধুর্য আর সেবার মাধ্যমে জনপদ জয় করতে হবে
চট্টগ্রাম সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের উন্নত চরিত্র, সততা, নৈতিকতা ও জনসেবার মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে। তিনি বলেন, চারিত্রিক মাধুর্য আর সেবার মাধ্যমে জনপদ জয় করতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
গত ১৯ জুন শুক্রবার চট্টগ্রামের সদরঘাট থানা জামায়াতের কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে ইসলামী আন্দোলনের কর্মীদের আত্মশুদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা ও আদর্শিক দৃঢ়তার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজে ন্যায়, ইনসাফ এবং মানবকল্যাণ প্রতিষ্ঠার জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সদরঘাট থানা আমীর এম এ গফুরের সভাপতিত্বে শিক্ষাশিবিরে প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।