৪১ দিন জামাতে নামাজ আদায় সাইকেল উপহার পেল মুন্সীগঞ্জের ৯ কিশোর
১০ জুন ২০২৬ ২১:২২
মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে টানা ৪১ দিন মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৯ শিশু-কিশোর শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। একই সঙ্গে নামাজ আদায়ে অংশগ্রহণ ও উৎসাহ প্রদর্শনের জন্য আরও ২৯ শিশু-কিশোরকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) এবং ২ জনকে নগদ অর্থ পুরস্কার দেয়া হয়েছে।
গত ৫ জুন শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত এক অনুষ্ঠানে ১০ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের হাতে আনুষ্ঠানিকভাবে সাইকেল, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন আয়োজকরা।
ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মকে নামাজ ও মসজিদমুখী করতে ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ গ্রহণ করে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আধারা মানবকল্যাণ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সমন্বয়ক মো. অন্তর বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আধারা মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মো. শহীদুল ইসলাম। এ সময় সংগঠনের সদস্য মো. হাফিজুল বেপারী, মো. নাজমুল মিজি, মো. রোশাদ বেপারী, মো. ইমরান বেপারী, মো. পারভেজ বেপারী, মো. রিয়াজ খান, মো. দিপু, ফাহিম বেপারী, জুনায়েদ বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের আয়োজন ছড়িয়ে পড়লে তরুণ প্রজন্ম সুশৃঙ্খল, দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে। ব্যতিক্রমী উদ্যোগে অংশ নিতে পেরে শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও আয়োজনটির প্রশংসা করে ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।