আইনশৃঙ্খলার অবনতির সাথে সরকারি দলের লোকেরাই জড়িত
৪ জুন ২০২৬ ১১:১৪
কুমিল্লা সংবাদদাতা : জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্ভাগ্যজনকভাবে দিন দিন অবনতি ঘটছে। বেশকিছু শিশু মারা গেছে, ধর্ষণের ঘটনা ঘটছে- এর সব কিছুই অপ্রত্যাশিত। এর প্রধান কারণ হলো- এসবের সাথে সরকারি দলের লোকেরাই জড়িত।
তিনি বলেন, যেহেতু সরকারি দলের লোকেরাই এসবের সাথে জড়িত, তাই আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা অনেক সময় কঠোর আচরণ করতে চাইলেও পারে না। আমরা সংসদে এ বিষয়টা তুলে ধরব। সংসদের বাইরেও যেহেতু আমরা তাদের সাথে একসাথে কাজ করেছি, কথা বলার সুযোগ রয়েছে- এ ব্যাপারে আরও কীভাবে সচেতন ভূমিকা পালন করা যায় সেটা আলাপ করব।
গত ৩১ মে রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডা. তাহের এসব কথা বলেন।
বিএনপি সরকারকে ব্যর্থ সরকার বলা যায় কিনা- এমন প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, আমরা এত তাড়াতাড়ি ব্যর্থ সরকার বলতে চাই না। কিন্তু যদি এই প্রক্রিয়াটা অব্যাহত থাকে, তাহলে তাদের ব্যর্থতা মানুষের কাছে আরও পরিষ্কার হবে। তখন ব্যর্থ সরকার আমরা না বললেও মানুষ তাকে ব্যর্থ সরকার হিসেবেই ট্রিট করবে। এটি দেশের জন্য মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
তিনি বলেন, আমি বিএনপি ও সরকারপ্রধানকে আহ্বান জানাবো, দ্রুত সময়ের মধ্যে এসব চিহ্নিত করে সমাধান করে আমাদের উন্নয়নের দিকে যাওয়া উচিত।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহানসহ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।