হৃদয়ে ইসমাইল
২২ মে ২০২৬ ২১:২৫
পঁচাশি বসন্তে ফোটেনি যে ফুল
তা এসে ফুটলো ছিয়াশি বসন্ততে
বিস্ময়কর! বদলে গেলো পৃথিবী
জীবন অরণ্য নৈসর্গিক হলো
আত্মপ্রকাশ করলো এক নতুন নক্ষত্রলোক
আহা কী আনন্দ! কী সুখ!
শুকনো ডালে সবুজ কুঁড়ি মঞ্জরিত হলো
চোখ জুড়ানো ভালোবাসা, হৃদয় জুড়ানো ভালোবাসা
অনুভবের তাবৎ জানালা খুলে দিলো
দেখা গেলো প্রাপ্তি ও ভালোবাসার
নিঃসীম আকাশ, অতলান্ত সাগর
ইব্রাহীমের (আ.) ভালোবাসা ইসমাইল
এভাবেই চোখ মেললো পৃথিবীতে
বলা হলো- এ ভালোবাসা
নিবেদন করতে হবে তোমার মালিককে
অকল্পনীয়! পৃথিবী আছড়ে পড়ার মতো
কিংবা হিমালয় মাথায় তুলে দেয়ার মতোই ঘটনা
কোনো রটনা নয়
তবু বিশ্বাসী মনে বিশ্বাস বলে উঠলো
‘লা -ইউকাল্লিফুল্লা- হু নাফসান ইল্লা – উস’আহা’
ছিয়াশি বসন্ত শেষে পাওয়া দুর্লভ ভালোবাসা
অতঃপর তিনি কুরবানি দিলেন
হলেন খলিলুল্লাহ
সেই ত্যাগ সেই কুরবানি
সেই ভালোবাসা দিয়ে ভালোবাসা প্রাপ্তির আনন্দই
ঈদে কুরবানি ঈদুল আজহা
এ ঈদ আনন্দ নয় ভোগের বরং ত্যাগের, বিসর্গের
প্রত্যেকের মনেই আছে ভালোবাসার ইসমাইল
কারো তা সম্পদের, কারো গাড়ি-বাড়ির,
কারো নাম-যশের কিংবা খ্যতির
কারো কারো তা শাসনের-শোষণের,
প্রভাব-প্রতিপত্তি কিংবা ক্ষমতার
কারো কারো পঞ্চইন্দ্রিয়ের ইন্দ্রজালিক ভোগ নেশার
এই ঈদে ঈদুল আজহারর এই ত্যাগ উৎসবে
সেই প্রিয় ভালোবাসাকে আজ কুরবানি দিতে হবে
রক্ত প্রবাহিত করতে হবে পশু মনের
তবেই হবে ‘ঈদুল আজহা’ ত্যাগ ও আনন্দের ঈদ