শিক্ষিকাকে অপদস্থ : হাতিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
২৯ এপ্রিল ২০২৬ ১৮:০৪
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর হাতিয়া উপজেলার মাইজদী উচ্চবিদ্যালয়ের এক শিক্ষিকাকে অপদস্থের অভিযোগে নিশান নামে এক যুবকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সোনাদিয়া ইউনিয়নের মাইজদী বাজার এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এ সময় অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়।
জানা যায়, প্রেম-সংক্রান্ত বিরোধের জেরে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ওঠে। পরে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি এক শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভে নামেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ উল্লাহ বলেন, শিক্ষার্থী নির্যাতন ও শিক্ষিকাকে অপদস্থ করার অভিযোগে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে। প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখছে।