মজলুম জননেতা অধ্যক্ষ মোস্তফা কামালের ইন্তেকাল
২৩ এপ্রিল ২০২৬ ১৪:৩৬
চরফ্যাশন সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বরিশাল অঞ্চলের টিম সদস্য ও ভোলা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ১৯ এপ্রিল রোববার দুপুর ২টা ১২ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তার ১ ছেলে, ২ মেয়ে, স্ত্রী ও অগণিত আত্মীয়-স্বজন রয়েছে।
অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। তিনি তার ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল (রাহিমাহুল্লাহ)। রাব্বুল আলামিনের সাথে তার এই মুলাকাত রাহমাহ ও মাগফিরাহ এবং তার করা আমলের ওপর সীমাহীন বারাকাহমণ্ডিত হোক।
জামায়াত আমীর আরও লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল (রাহিমাহুল্লাহ)-কে তার আবরার গোলামদের মধ্যে শামিল করুন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। স্ত্রী ও সন্তান-সন্ততিদের আল্লাহ তায়ালা তার নিজের অভিভাবকত্বে কবুল করুন। পরিবার, আপনজন, শুভাকাক্সক্ষী এবং সকল সহকর্মীদের রাব্বুল আলামিন সবরে জামিল আ’তা করুন। আমিন।
গত ২০ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৮টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম এবং শশীভূষণ থানার পশ্চিম এওয়াজপুর গ্রামের নিজ বাড়িতে সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। উল্লেখ, মরহুম অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ভোলা ও বরিশালে মজলুম জননেতা হিসেবে পরিচিত। আওয়ামী আমলে তিনি একাধিক মিথ্যা মামলায় জেলহাজতে ছিলেন বছরের পর বছর। ফ্যাসিস্টের লালিত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হন তার বড় ছেলে।