গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জনগণের আকাক্সক্ষা পূরণ করুন – শাহজাহান চৌধুরী এমপি
১৬ এপ্রিল ২০২৬ ১৪:৫৬
চট্টগ্রাম সংবাদদাতা : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, গণভোটের রায়কে অমান্য করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। জনগণ তা কখনো মেনে নেবে না। জনগণের সাথে প্রতারণা করে কোনো সরকার টিকে থাকতে পারেনি। ফ্যাসিবাদ প্রতিষ্ঠার দুঃস্বপ্ন জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে, ইনশাআল্লাহ। তাই গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জনগণের আকাক্সক্ষা পূরণ করুন।
গত ১২ এপ্রিল রোববার বিকেলে কেরানীহাটে চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মহিউদ্দীন হেলালীর সভাপতিত্বে এবং জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির মহানগরী নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নোমান উদ্দীন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক জায়েদ হাসান চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সিফাত, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি লেয়াকত আলী চৌধুরী, জামায়াতের উত্তর সাতকানিয়া থানা সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান, সাতকানিয়া উপজেলা সেক্রেটারি তারেক হোছাইনসহ ১১ দলীয় ঐক্যের জেলা ও উপজেলা নেতারা।
শাহজাহান চৌধুরী আরও বলেন, বিএনপি জনগণের কল্যাণ চায় না। বিএনপি জনগণকে ধোঁকা দিয়ে গণভোট অবৈধ বলে সংসদের ভেতরে বাইরে প্রচারণা চালাচ্ছে। তাদের ধোঁকাবাজিতে প্রমাণ করে, তারা ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছে। জনগণের অধিকার আদায়ে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করেই ছাড়বো, ইনশাআল্লাহ।