নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময় এমপি গোলাম রসুলের
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫০
মফিজুর রহমান, অভয়নগর (যশোর) : নির্বাচন-পরবর্তী সৌহার্দ্য, সম্প্রীতি ও জনসম্পৃক্ততা জোরদার করতে যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) অভয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর ও প্রাণবন্ত আবহ সৃষ্টি হয়।
কর্মসূচির অংশ হিসেবে তিনি শ্রীধরপুর ইউনিয়নের ঘোষপাড়া বটতলা, দিয়াপাড়া নতুন বাজার, শংকরপাশা শাহীনপাড়া ও খেয়াঘাট; বাঘুটিয়া ইউনিয়নের পাচুড়িয়া, নিমতলা, সিঙ্গাড়ী বাজার ও মরিচা; এবং শুভরাড়া ইউনিয়নের নেবুগাতী, ধলুর চার রাস্তার মোড় ও বাশুয়াড়ী দিঘীর পাড়। এছাড়া সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলি ও সোনাতলা বাজারসহ বিভিন্ন স্থানে উপস্থিত জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিটি স্থানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নবনির্বাচিত সংসদ সদস্য।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক ভিন্নমতকে সম্মান জানিয়ে সম্প্রীতি ও সহাবস্থানের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে সর্বসাধারণের প্রতিনিধি হিসেবে কাজ করতে বদ্ধপরিকর। একই সঙ্গে নির্বাচন-পরবর্তী সময়ে তার সমর্থক বা ভোটারদের উদ্দেশে কোনো ধরনের ভয়ভীতি বা হুমকি প্রদান থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন অভয়নগর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, প্রচার ও মিডিয়া সম্পাদক শরীফ বেলাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের অভয়নগর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জাকারিয়া হুসাইন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মতিয়ার রহমান, উপজেলা বায়তুল মাল সম্পাদক হাফেজ আব্দুল করীমসহ অন্যান্য নেতারা।