রমজানে আল-আকসায় ব্যাপক পুলিশ মোতায়েন করছে ইসরাইল

সোনার বাংলা অনলাইন
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৪

আল-আকসা মসজিদ এলাকা

পবিত্র রমজান মাস উপলক্ষে আল-আকসা মসজিদ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করবে ইসরাইল। এমনটা জানিয়েছে ইসরাইলি পুলিশ। অন্যদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেছেন, ইসরাইল ওই প্রাঙ্গণে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করছে। রমজান মাসজুড়ে রোজা ও নামাজের সময় ঐতিহ্যগতভাবে লক্ষাধিক ফিলিস্তিনি আল-আকসায় নামাজ আদায় করতে যান। এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। পূর্ব জেরুজালেমে অবস্থিত এই স্থানটি ১৯৬৭ সালে ইসরাইল দখল করে এবং পরে নিজেদের সঙ্গে সংযুক্ত করে নেয়। জেরুজালেম পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আরাদ ব্রাভারম্যান বলেন, ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত এই প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় দিন-রাত নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। তিনি আরও জানান, শুক্রবারের জুমার নামাজে সবচেয়ে বেশি মুসল্লি সমবেত হন। তাই ওই দিনগুলোতে হাজার হাজার পুলিশ দায়িত্ব পালন করবে। ব্রাভারম্যান বলেন, অধিকৃত পশ্চিম তীর থেকে আসা ফিলিস্তিনিদের ১০ হাজার জন প্রবেশের অনুমতি দেয়ার সুপারিশ করেছে পুলিশ। জেরুজালেমে প্রবেশের জন্য তাদের বিশেষ অনুমতির প্রয়োজন হয়। তবে তিনি বলেননি, বয়সসীমা থাকবে কি না। তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নেবে।

অন্যদিকে ফিলিস্তিনি জেরুজালেম গভর্নরেট এক বিবৃতিতে জানিয়েছে, তাদের জানানো হয়েছে পারমিট আগের মতোই ৫৫ বছরের বেশি পুরুষ ও ৫০ বছরের বেশি নারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, যা গত বছরের নীতির অনুরূপ। বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি কর্তৃপক্ষ ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষকে রমজানের প্রস্তুতির নিয়মিত কাজ, যেমন ছাউনি স্থাপন ও অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপন, থেকে বাধা দিয়েছে। ওয়াকফের একটি সূত্র এসব বিধিনিষেধের বিষয়টি নিশ্চিত করে জানায়, রমজান শুরুর আগের সপ্তাহে তাদের ৩৩ জন কর্মীকে প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

আল-আকসা প্রাঙ্গণ ফিলিস্তিনি পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক এবং প্রায়ই উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই আল আকসা। দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থার অধীনে ইহুদিরা এই প্রাঙ্গণ পরিদর্শনে যেতে পারেন। তবে সেখানে প্রার্থনা করার অনুমতি নেই। ইসরাইল জানিয়েছে, তারা এই প্রচলিত অবস্থান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ফিলিস্তিনিদের আশঙ্কা, ধীরে ধীরে এই ব্যবস্থা ক্ষয়প্রাপ্ত হচ্ছে।
সোমবার ব্রাভারম্যান আবারও বলেন, কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই।

আল-আকসা মসজিদ

সম্পর্কিত খবর