নেতা আটকে ষড়যন্ত্রের অভিযোগ, ইসির কাছে ব্যাখ্যা চাইল জামায়াত
১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৬
বিমানবন্দরে অর্থসহ জামায়াত নেতাকে আটকের ঘটনাকে ‘নাটক’ আখ্যা দিয়ে এর পেছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন ও প্রশ্নবিদ্ধ করতেই এ ঘটনা সাজানো হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। এর আগে বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ আটক করে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “তিনি ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। এটি সম্পূর্ণ একটি সাজানো নাটক। একজন ব্যবসার কাজে টাকা নিয়ে যেতে পারেন, এতে কোনো আইনগত বাধা নেই।” ‘‘সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার ‘ফ্যাসিস্ট সংশ্লিষ্টতা’ রয়েছে এবং একজন ব্যক্তি ও একটি দলের মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। মিথ্যা তথ্যের ভিত্তিতে এমন মর্যাদাহানি আমরা আশা করি না,” বলেন তিনি।
জামায়াত নেতা আরও বলেন, নির্বাচনের পরিবেশে বারবার বাধা তৈরি করা হচ্ছে। তার দাবি, সিলেটে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে এবং ঢাকা-১৫ আসনে গতরাতে একটি নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। এছাড়া বিশেষ একটি দলকে সুবিধা দিতে কিছু কেন্দ্রে বডি ক্যামেরা কম, আবার কিছু কেন্দ্রে বেশি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ঠাকুরগাঁওয়ের নেতাকে আটকে রাখার কোনো অধিকার নেই দাবি করে তিনি বলেন, “আমরা ইসির কাছে জবাব চেয়েছি। তাকে তো ঢাকা এয়ারপোর্ট থেকেই যেতে দেওয়া হয়েছিল।” সবশেষে তিনি বলেন, “আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। প্রতিটি ভোটকেন্দ্রে গণপ্রতিরোধ হবে। কোনো অবস্থায় মাঠ ছাড়বো না।”