অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই বাহরাইনকে হারিয়ে মূলপর্বের কাছে বাংলাদেশ
২৯ নভেম্বর ২০২৫ ০৮:৩৯
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ। গত শুক্রবার বাহরাইনের বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিদের জয় ২-১ গোলে। ‘এ’ গ্রুপে চার ম্যাচের সবগুলোতে জিতে বাংলাদেশের পয়েন্ট এখন ১২। এর আগে তিমুর লেস্তে, ব্রুনাই ও শ্রীলঙ্কার সঙ্গে জয় তুলে নেয় গোলাম রব্বানি ছোটনের দল। চীনের চোংকিংয়ে ইয়ংচুয়ান স্পোর্টসে বাংলাদেশের হয়ে গোল দু’টি করেন বায়োজিদ বোস্তামি ও মোহাম্মদ মানিক। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। তবে গোলের কাছাকাছি গিয়েও বারবার হতাশ হতে হয় লাল-সবুজের ছেলেদের। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। বিরতির পর মাঠে ফিরে ৫৯তম মিনিটে দলকে এগিয়ে নেন বোস্তামি। ৭২তম মিনিটে স্কোরলাইন ২-০ করেন মানিক। তবে ৮৫তম মিনিটে এক গোল শোধ করে বাহরাইনকে ম্যাচে ফেরার আশা দেখান জুহাইর ইব্রাহিম। যোগ করা সময়ে বাহরাইনের দু’টি আক্রমণ ঠেকিয়ে দেন বাংলাদেশ ডিফেন্ডাররা। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে দল। ম্যাচের পর এক ভিডিও বার্তায় বাংলাদেশ কোচ গোলাম রাব্বানি ছোটন বলেন, ‘আজ আমাদের কঠিন ম্যাচ ছিল। বাহরাইন অনেক শক্তিশালী দল, তাদের ফুটবল ঐতিহ্য ভালো। তাদের বিপক্ষে আমাদের ছেলেরা জয়লাভ করে ইতিহাস তৈরি করলো। শুরু থেকে (দল) আক্রমণাত্মক ও ভালো ফুটবল খেলেছে। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়। অনেক সুযোগ তৈরি করে, দুই গোলে এগিয়ে যায়। পরবর্তীতে এক গোল হজম করলেও সাহস এবং ধৈর্য্যর সঙ্গে খেলা শেষ করেছে। এজন্য ছেলেদের ধন্যবাদ জানাই।’ চার ম্যাচে চার জয় পাওয়া বাংলাদেশের পয়েন্ট এখন ১২। এর আগে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে ব্রনাইকে বিধ্বস্ত করে ৮-০ গোলে। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের জয় ৫-০ গোলে। আগামী রোববার শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে চীনের চীনের মুখোমুখি হবে ছোটনের দল। পয়েন্ট তালিকার শীর্ষ দল আগামী বছর মে তে সৌদি আরবে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলবে। ১৬ দল নিয়ে আয়োজিত হবে টুর্নামেন্টটি। এরই মধ্যে মূলপর্বে জায়গা করে নিয়েছে ৯ দল। বাকি ৭ দল যাবে বাছাইপর্ব খেলে। এখন পর্যন্ত এশিয়ান কাপে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে চারবার ও অনূর্ধ্ব-১৮ পর্যায়ে দুবার অংশ নিয়েছে বাংলাদেশ। যদিও কোনোবারই তারা গ্রুপপর্ব পেরোতে পারেনি।
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই বাহরাইনকে হারিয়ে মূলপর্বের কাছে বাংলাদেশ