রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবে না : এডভোকেট জুবায়ের


১৬ অক্টোবর ২০২৫ ১৪:২৭

আবদুল বাছেত মিলন, সিলেট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান স্বাধীনতার পর জাতির জন্য সর্বোচ্চ অর্জন। এ অর্জনের জন্য ২ হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছেন ও ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। এ রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবে না। আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। এর আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এ দাবি শুধু জামায়াতের নয়, দেশপ্রেমিক জনতার। তাই অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
তিনি গত শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুমা নগরীর কোর্ট পয়েন্টে জামায়াত কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে কোর্টপয়েন্ট থেকে বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টর প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতির নির্বাচনসহ ৫ দফা দাবি করায় বলা হচ্ছে আমরা নাকি নির্বাচন চাই না। অথচ এক বছর আগেই ২০০ আসনে আমরা প্রার্থী মনোনয়ন দিয়েছি। বড় দলটির একটি আসনে এখনো ১০ জনেরও বেশি প্রার্থী কাজ করছেন। প্রার্থী ঘোষণা করে দেখেন না তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কেউ কেউ পিআর বুঝেন না। সময় গেলে এটাও বুঝবেন। কেয়ারটেকার পদ্ধতির মতো পিআর পদ্ধতিও এদেশে কার্যকর এবং গ্রহণযোগ্য হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দেয়াসহ জামায়াত ঘোষিত ৫ দফা দাবি মেনে নিন। অন্যথায় ফের গণআন্দোলনের সূচনা হবে। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিনের যৌথভাবে সমাবেশটি পরিচালনা করেন।