জাতীয় সংসদ নির্বাচন

৭ চ্যালেঞ্জ মাথায় রেখে এগোচ্ছে ইসি


৯ অক্টোবর ২০২৫ ১৩:৫১

স্টাফ রিপোর্টার : তফসিল ঘোষণার পর নির্বাচনকালীন অন্তত সাতটি চ্যালেঞ্জ মোকাবিলা করাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেগুলো হলো নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি, ভোটারদের আস্থায় আনা ও ভোটের দিন কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, অপপ্রচার ও এআইয়ের অপব্যবহার মোকাবিলা, প্রার্থীদের আচরণবিধি মানানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মাঠে দায়িত্বরতদের নিরপেক্ষতা এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাদের পক্ষপাতমুক্ত রাখা।
এসবের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। সেই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, আইজিপি, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই এবং বিশেষ শাখার সঙ্গে কেন্দ্রীয় সমন্বয় সভা করা হবে। তফসিল ঘোষণার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ, ভোটকেন্দ্র থেকে ফলাফল প্রেরণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের মতো কার্যক্রমের প্রস্তাবনা প্রস্তুত করতে আগামী ৩১ অক্টোবর আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
এদিকে ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে ইসি। প্রাথমিক কিছু কাজও এগিয়ে নিয়েছে সংস্থাটি। টার্গেট আগামী ফেব্রুয়ারি, কেননা ফেব্রুয়ারিতে ভোট করতে হলে তফসিল ঘোষণা করতে হবে ডিসেম্বরের শুরুর দিকে। সেক্ষেত্রে মাঝখানে রয়েছে মাত্র একটি মাস। ফলে ইসি বিরামহীন কাজ করে যাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য। গত ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনদের সঙ্গে সংলাপও শুরু করে দিয়েছে ইসি। বিশিষ্ট ব্যক্তি, নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে চলমান এ সংলাপ এ মাসেই শেষ করা হবে। একই সময়ের মধ্যে রাজনৈতিক দলের সঙ্গেও সংলাপে বসবে ইসি।
গত ২৮ সেপ্টেম্বর রোববার নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ‘সংলাপ পর্ব’ শুরু করে ইসি। এ ধারাবাহিকতায় পূজার ছুটির পর ৬ অক্টোবর বসলো সংবাদমাধ্যমের সঙ্গে। ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ হয়েছে। ইসি চাচ্ছে, রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সঙ্গে শুরু হওয়া সংলাপ দেড় মাসের মধ্যে শেষ করতে। অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ ও নারীসমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাইযোদ্ধারা। এ সংলাপে উন্মুক্ত আলোচনার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছে থেকে লিখিত প্রস্তাবও চাইবে সংস্থাটি।
জানা গেছে, নির্বাচন সামনে রেখে সচিবালয়সহ সারা দেশের নির্বাচন অফিসের কর্মকর্তাদের বদলি ও রদবদল করা হচ্ছে। রোডম্যাপ অনুযায়ী আগামী ৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইতোমধ্যে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের তালিকাও প্রকাশ করেছে ইসি। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব বাহিনীর সঙ্গে ইসি অক্টোবরের মধ্যেই সভাগুলো সেরে ফেলতে চায়।