শহীদ ওয়াসিম আকরামের বাড়িতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর


১৭ জুলাই ২০২৫ ১৪:১১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে পুলিশ ও ছাত্রলীগের গুলিতে শহীদ ওয়াসিম আকরামের বাড়িতে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। গত ১২ জুলাই শনিবার সকালে তিনি শহীদের বাড়ি পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজারপাড়ায় যান।
মুহাম্মদ নজরুল ইসলাম শহীদ ওয়াসিমের মা জোসনা বেগম ও ওয়াসিমের ভাই আরশেদ আলীর সঙ্গে কথা বলে পরিবারের খোঁজখবর নেন। পরে স্থানীয় জামায়াত নেতাদের নিয়ে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম, ফয়সাল আহমদ শান্ত, মুহাম্মদ ফারুকদের অবদান অনস্বীকার্য। তাদের ত্যাগ, কুরবানির বিনিময়ে দেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। দেশ ও জাতি তাদের অবদান চিরদিন স্মরণ রাখবে। অন্তর্বর্তীকালীন সরকার ১১ মাসেও জুলাই আন্দোলনের খুনিদের গ্রেপ্তার করতে পারেনি। দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য স্বৈরাচারের দোসররা খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি অব্যাহত রেখেছে। দেশবাসী পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের মতো গজিয়ে ওঠা নব্যসন্ত্রাসীদেরও রুখে দাঁড়াবে। তিনি অবিলম্বে জুলাই আন্দোলনের শহীদদের খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শহীদ ওয়াসিম আকরামের বাড়িতে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন। পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার আমীর ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাওলানা বদিউল আলম জিহাদী, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, চট্টগ্রাম মহানগর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মমতাজুর রহমান, সিসিএ সভাপতি সেলিম জামান, কোতোয়ালি থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।