ইউনুস আলম সিদ্দিকীর ইন্তেকালে ঢাকা মহানগর উত্তর জামায়াতের শোক


২৬ জুন ২০২৫ ১০:৫২

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল পূর্ব থানার সেক্রেটারি, দৈনিক সংগ্রামের রোটারি মেশিন সহকারী ও জামায়াতে ইসলামীর বর্ষীয়ান রুকন ইউনুস আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক যৌথ শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুম ইউনুস আলম সিদ্দিকী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সম্মুখযোদ্ধা। তিনি ইসলামী শ্রমিক আন্দোলনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করে গেছেন এবং ইসলামী আদর্শের ভিত্তিতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সদা সোচ্চার ছিলেন। তিনি দেশকে ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণরাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এ লক্ষ্যে ছিলেন অবিচল ও আপসহীন। তার মৃত্যুতে আমরা একজন যোগ্য সহকর্মীকে হারালাম।
নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সবরে জামিল ধারণের তাওফিক কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি