বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সর্বজনীন ঐক্য চায় জামায়াত : ডা. তাহের


২০ মার্চ ২০২৫ ১৩:৫৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বজনীন ঐক্য চায়।
গত সোমবার (১৭ মার্চ) বিকেলে রংপুরের চেকপোস্ট ক্যাফে ৬৬-এ ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রংপুর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, আমরা বহুবার স্বাধীনতা অর্জন করেছি। ১৯৪৭ সালে স্বাধীন হয়েছি দেড়শো বছর লড়াইয়ের পরে, কিন্তু আমরা স্বাধীনতা পাইনি। ১৯৭১ সালে জীবনের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতা পাইনি। আমরা গত ৫ আগস্ট পুনরায় আমরা এক হয়েছি, আমরা স্বাধীন হয়েছি। দ্বিতীয় স্বাধীনতা ঘোষণাও করেছি কিন্তু মনে যেন খটকা লাগে, আমরা কি আবারও স্বাধীনতা পাবো না? কারণ পাঁচ-ছয় মাসের ভেতরে আমাদের মাঝে একটা অনৈক্য দেখা দিয়েছে।
তিনি আরো বলেন, আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে কতগুলো স্লোগানে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আজকে আমাদের লক্ষ্য ভিন্ন হয়ে গেছে, যে যার দলে চলে গেছে। যার ক্ষমতা দরকার তারা ক্ষমতার কাছে গেছে।
ডা. তাহের বলেন, যে ছাত্ররা নতুন করে উদ্বুদ্ধ হয়ে জীবন দিয়েছিলো, তারাও আজ তাদের সাথীদের ছেড়ে ক্ষমতার লড়াইয়ে নেমেছে। আমরা মনে হয় কেউ দেশের জন্য নই, মানুষের জন্য নই, নৈতিকতার জন্য নই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য নই। আমরা শুধুই আমাদের জন্য।
এনডিএফ রংপুর মেডিকেল বিভাগের সেক্রেটারি ডাক্তার মারুফ হোসেনের সঞ্চালনায় ও এনডিএফ রংপুর মেডিকেল বিভাগের সভাপতি ডা. মো. আতিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান। বিশেষ অতিথি ছিলেন এনডিএফের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, এমডিএফের রংপুর বিভাগীয় সহ-সভাপতি ডা. মোহাম্মদ হোসেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের ডাক্তার, মেডিকেল শিক্ষার্থী ও অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।