বিএনপির ৪ নেতাকে শোকজ
৬ মার্চ ২০২৫ ১২:২১
সোনার বাংলা ডেস্ক: পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) রুমে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীরসহ চার নেতাকে বেধড়ক মারধর ও বালু উত্তোলন বন্ধ করায় নির্বাহী কর্মকর্তাকে হুমকির ঘটনায় বিএনপির চার নেতাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিএনপি। গত ৪ মার্চ মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে এ আদেশ দেওয়া হয়। এর আগে গত সোমবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ইউএনও মীর রাশেদুজ্জামানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নোটিশে বলা হয়েছে, পাবনা জেলাধীন সুজানগর উপজেলা ইউএনওর কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের সাথে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে সুজানগর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মজিবর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু খাঁ, বিএনপি নেতা মোহাম্মদ মানিক খাঁ এবং সুজানগর এন. এ কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল খানের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে তাদেরকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।
সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক এবিএম তৌফিক হাসান আলহাজ বলেন, কেন্দ্র থেকে শোকজ করেছেÑ এটা লোক মাধ্যমে শুনেছি। তবে স্থানীয়ভাবে আমরা এখনো এমন চিঠি বা নির্দেশনা পাইনি। অবশ্যই আমি অসুস্থতার জন্য বর্তমান ঢাকায় অবস্থান করছি। এ ঘটনা কোনোভাবেই ঘটানো ঠিক হয়নি। সরকারি অফিসে, তাও উপজেলা নির্বাহী অফিসারের রুমে ন্যক্কারজনক ঘটনা হয়েছে। বাইরে হলে তো মেনে নেওয়া যেত। এ দুষ্কৃতকারীদের শাস্তি হওয়া দরকার।
সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান বলেন, আমার রুমে এ ঘটনা ঘটেছে, সেটা খুবই কষ্টদায়ক। ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ করেছি। সেখান থেকে নির্দেশনা এলে আমি মামলা করতে পারব। তাছাড়া আমি নিজে নিজের সিদ্ধান্তে মামলা বা অভিযোগ দিতে পারব না। এক্ষেত্রে স্যারদের পারমিশন লাগবে।
উল্লেখ্য, গত ৩ মার্চ বিএনপি নেতা মজিবুর রহমান, বাবু খাঁ, মানিক খাঁ, আব্দুল বাছেদ, আরিফ শেখসহ ৩০-৪০ বিএনপির নেতাকর্মী ইউএনওর কক্ষে ঢুকে ওই জামায়াত নেতাদের কিল-ঘুষি, লাথিসহ বেধড়ক মারধর করেন। এ ঘটনায় উপজেলাজুরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। (এ সংক্রান্ত আরো খবর গ্রামবাংলার পাতায় দেখুন)।