মোশাররফ হোসেন খান-এর কবিতা

শব্দবীজ


২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৯

নিজস্ব খামারে নির্মাণ করি বীজতলা
এরপর নিজেই বপন করতে থাকি শব্দবীজ
কোনো কোনো শব্দবীজ থেকে খাদ্যশস্য হবে
কোনো কোনো শব্দবীজ থেকে ফলদ বৃক্ষ হবে
কোনো কোনো শব্দবীজ থেকে মানুষ হবে-
যারা হবে আঁধারের বিপরীতে আলোর উৎস
শোষিত মানুষের মুখপাত্র
কোনো কোনো শব্দবীজ থেকে বারুদ উদ্গত হবে
অত্যাধুনিক মারণাস্ত্র হবে
কোনো কোনো শব্দবীজ থেকে অসীম উদার আকাশ হবে
নতুন কোনো পৃথিবী হবে
কোনো কোনো শব্দবীজ থেকে জন্ম নেবে পুষ্প উদ্যান
খুব মানবিক
অজস্র প্রাণহিতৈষী
সর্বজনীন কল্যাণময়তা
যখন শব্দবীজগুলো একে একে সক্ষমতায় পৌঁছাবে
তখন, ঠিক তখনই—-
জীবনের পাদপ্রান্তে
কাল মহাকালের পীঠে
আমার সকল শব্দবীজ সমর্পণ করে দেব
সমর্পণ করে দেব কলম ও লেখার কাগজ
অতঃপর নিজস্ব বলতে প্রেম ও দ্রোহ ছাড়া
আমার আর কোনো সম্পদ থাকবে না…!