টাকার উৎস বৈধ প্রমাণিত, মুক্তি পেলেন সেই জামায়াত নেতা
১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩৪
ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে মুক্তি পেলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বেলাল উদ্দিন প্রধান। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৭৪ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছিল। তবে দীর্ঘ যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে রাত প্রায় সাড়ে ১১টার দিকে তাকে সসম্মানে মুক্তি দিয়েছে প্রশাসন। একই সঙ্গে জব্দ করা পুরো টাকাও তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে মাওলানা বেলাল উদ্দিনকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। এর আগে, বিপুল পরিমাণ টাকাসহ তার আটকের খবর দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে।
রাজনৈতিক মহলে অভিযোগ ওঠে, নির্বাচনের আগে ভোট প্রভাবিত করতে এই অর্থ অবৈধভাবে আনা হয়েছিল। এমনকি নির্বাচন কমিশন সচিবালয় থেকেও এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তবে আটকের পর থেকেই জামায়াত আমিরের পরিবার ও দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, এই অর্থের উৎস সম্পূর্ণ বৈধ। তাদের দাবি ছিল, এই টাকা তাদের পারিবারিক বুটিকস ব্যবসার আয় এবং এর একটি বড় অংশ প্রতিষ্ঠানের কর্মীদের বেতন-ভাতা হিসেবে দেওয়ার জন্য আনা হয়েছিল।
অবশেষে প্রশাসনের নিবিড় তদন্তে টাকার বৈধ উৎস প্রমাণিত হওয়ায় এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় তাকে সসম্মানে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে তার মুক্তির খবরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।