মরহুম অধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান ফরিদীর (রহ.) এর নামাজে জানাজা  ও দাফন

সোনার বাংলা অনলাইন
২৩ এপ্রিল ২০২৬ ১১:২০

নামাজে জানাজার পূর্বে মরহুমের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম

২২ এপ্রিল (বুধবার) সকালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মরহুম অধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান ফরিদীর (রহ.) এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজার পূর্বে মরহুমের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, রাজেন্দ্র সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, বাকেরগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা জনাব বেনজির আহমেদ তাবরীজ, ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক প্রফেসর এম এ সামাদ, যশোর বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবদুস সাত্তার, গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা রেজাউল করীম, চরকমলাপুর মাদ্রাসার হেড মুহাদ্দিস মুফতি মাওলানা আবদুল কাইউম, বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, খেলাফত আন্দোলন বাংলাদেশের ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান।

মাওলানা আবদুল হালিম তাঁর বক্তব্যে বলেন, অধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান ফরিদী একটি নাম, একটি ইতিহাস। তিনি ছিলেন ইলমে দ্বীন ও সমসাময়িক বিদ্যায় পারদর্শী। তিনি উম্মাহর কল্যাণের জন্য কাজ করে গেছেন। তাঁকে অনুসরণ করে উম্মাহর স্বার্থে আমাদের কাজ করে যেতে হবে।

ওলামা-মাশায়েখ, শিক্ষাবিদ, শিক্ষক, ওলামায়ে কেরাম, আত্মীয়-স্বজনসহ এই জানাজায় উপস্থিত আমরা সবাই তাঁর ইন্তিকালে গভীরভাবে শোকাহত। তাঁর ইন্তিকালের কথা শুনে গতকাল জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দোয়া করেছেন এবং শোক প্রকাশ করেছেন। তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, অধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান ফরিদী ফরিদপুরের কৃতিসন্তান, তাঁর জন্য ফরিদপুরবাসী গর্বিত। তিনি একাধারে কওমী, আলিয়া ও জেনারেল শিক্ষিত সব ঘরানার মানুষের কাছে সমাদৃত আলেম ছিলেন। তিনি বাংলাদেশের প্রসিদ্ধ গোপালগঞ্জ গওহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র ছিলেন। তিনি বরিশালের চাখার কলেজ, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজসহ বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন এবং গোপালগঞ্জ সাতপাড় সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মজীবন শেষ করেন।

মাওলানা আবদুল হালিম বলেন, মাওলানা ফরিদী বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৃহত্তর বরিশাল জেলা আমীর ছিলেন। সর্বশেষ ফরিদপুর জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। কোনো ব্যক্তির গুণ এবং ইলম- এটা কোনো দলের নয়, এটা আমাদের সকলের। আমরা মনে করি বাংলাদেশের যেসব আলেম দ্বীনের জন্য ভূমিকা রাখেন তারা সবাই কোনো দলের সম্পদ নয়, তারা উম্মাহর সম্পদ। আমরা সবাই উম্মাহর স্বার্থে কাজ করব। আমাদের দ্বীন আল-ইসলাম। উম্মাহর জন্য ক্ষতিকর হয় এমন কাজ থেকে আমরা বিরত থাকব। দোয়া করি-মহান রব উনার গুনাহসমূহ মাফ করুন। উনার পরিবারের সকলকে যেন আল্লাহ তায়ালা এ শোক সহ্য করার তাওফিক দান করেন।

জানাজায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর জেলা আমীর জনাব মুহাম্মদ বদরুদ্দীন, কেন্দ্রীয় মাজলিসে শূরার সদস্য ও সাবেক জেলা আমীর প্রফেসর আব্দুত তাওয়াব ও জনাব শামসুল ইসলাম আল বরাটী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানাজায় মরহুমের মেজো ছেলে জনাব ফরিদী নোমান পরিবার পক্ষ থেকে কথা বলেন, ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন। জানাজায় ইমামতি করেন মরহুমের ছেলে জনাব ওসমান জামান। জানাজা শেষে স্থানীয় কমলাপুর মাটিয়া গোরস্থানে তাঁকে দাফন করা হয়।-

তারিখ: ২২ এপ্রিল ২০২৬ খ্রি.

প্রেস বিজ্ঞপ্তি

মনিরুজ্জামান ফরিদী

সম্পর্কিত খবর