এগিয়ে জামায়াত, এরপর বিএনপি
২ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৩
আইআরআইয়ের জরিপ বলছে, অন্তর্বর্তী সরকারের অধীন দেশ সঠিক পথে এগোচ্ছে| দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জরিপে অংশগ্রহণকারীদের কাছে পছন্দে এগিয়ে আছে জামায়াতে ইসলামী। দেশ সঠিক পথে এগোচ্ছে, অন্তর্বর্তী সরকারও ভালো কাজ করছে—জনমত জরিপ চালিয়ে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠানটির জরিপ দেখাচ্ছে, ৬৯ শতাংশ মানুষের আস্থা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ওপর।
‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ’ শীর্ষক এই জরিপ গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পরিচালনা করা হয়। আইআরআইয়ের পক্ষে ‘সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ’ দেশজুড়ে এ জরিপ পরিচালনা করে। আইআরআইয়ের ওয়েবসাইটে গত সোমবার জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জরিপে অংশগ্রহণকারীদের কাছে পছন্দে এগিয়ে আছে জামায়াতে ইসলামী। এ দলটির কার্যক্রম নিয়ে প্রশ্নে ৫৩ শতাংশ মানুষ পছন্দের কথা বলেছেন। বিএনপিকে নিয়ে প্রশ্নে দলটিকে পছন্দের কথা বলেছেন ৫১ শতাংশ মানুষ। জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যক্রম পছন্দ করেছেন ৩৮ শতাংশ মানুষ। ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রতি নিজেদের পছন্দের কথা জানিয়েছেন ৩৩ শতাংশ। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যক্রম পছন্দ করেছেন ২৫ শতাংশ মানুষ।