সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত পাবনার এ দুটি আসনে নির্বাচন কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশের প্রেক্ষিতে পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। কোন পর্যন্ত? আদালত পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত।’ হাইকোর্টের রায়ের পর পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয়।
উল্লেখ্য, গত দুই জানুয়ারি যাচাই-বাছাই শেষে দাখিলকৃত মনোনয়নপত্রে কোনো ত্রুটি না থাকায় পাবনা-১ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন: বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল গণি, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ এবং স্বতন্ত্র প্রার্থী মাসুদুল হক মাসুদ। পাবনা-১ আসনে (সাঁথিয়া ও বেড়ার একাংশ) মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৯৩১ জন। হেভিওয়েট প্রার্থীদের উপস্থিতিতে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
সুজানগর ও আমিনপুর থানা নিয়ে গঠিত পাবনা-২ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৯৭ হাজার ৩৯৪ জন। এ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. হেসাব উদ্দিন, বিএনপি মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিব, জাতীয় পার্টির প্রার্থী মেহেদী হাসান রুবেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আফজাল হোসেন খান কাশেমীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।