আমীরে  জামায়াতের রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের বক্তব্যের ব্যাখ্যা 

সোনার বাংলা অনলাইন
১ জানুয়ারি ২০২৬ ১৬:৩৪

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

১লা জানুয়ারি ২০২৬  বৃহস্পতিবার সকাল ৯টা ১৯ মিনিটে শফিকুর রহমান ওই পোস্ট দেন। গত বুধবার রয়টার্সকে সাক্ষাৎকার দেন জামায়াত আমির।

ডা.  শফিকুর রহমানের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

‘আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন—ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কি না, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না।

আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিকবৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে আলাপ-আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন, তাদের সকলের বিষয়েই আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই। আমি বিস্মিত যে, আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমীরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।’

উল্লেখ্য,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের  রয়টার্সকে সাক্ষাৎকারের বক্তব্যের ভিডিও  রেকর্ড  পর্যযালোচনা করে দেখা গেছে যেখানে ‘মিটিং’  হয়েছে এমন কোন কথা তিনি বলেননি। তার অসুস্থতার সময় সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। কিন্তু কিছু  মিডিয়া বিষয়টি নিয়ে  অপসাংবাদিকতা করছে বলে মনে করেন পর্যবেক্ষকমহল।

আমীরে  জামায়াতের রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের বক্তব্যের ব্যাখ্যা

সম্পর্কিত খবর