মায়াকাননের মমতাময়ী রওশন সাঈদ
১২ নভেম্বর ২০২৬ ১০:১৪

লেখক-এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী
॥ এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী ॥
[পূর্ব প্রকাশের পর]
বই, সেবা ও ভালোবাসার মাধ্যমে দাওয়াত
মা বই ভালোবাসতেন। আল কুরআনের তাফসির, হাদীস, ইসলামী সাহিত্য, পৃথিবী, কলমসহ সমকালীন পত্রপত্রিকা— সবকিছুর প্রতিই তার ছিল প্রবল আগ্রহ। তিনি নিজে পড়তেন এবং অন্যদেরও বই পড়তে উৎসাহিত করতেন।
মগবাজার থেকে আমরা আল কুরআনের তাফসির, হাদীস ও বিভিন্ন বই কিনে আনতাম। তিনি সেগুলো মানুষকে উপহার দিতেন। কখনো পরিচিতজনকে বই কিনে পড়তে উৎসাহিত করতেন।
আজ তার সে বিলিকৃত আল কুরআনের তাফসির, হাদীস ও ইসলামী বইগুলোর কথা মনে হলে মনে হয়— এগুলো তার জীবনের চলমান সদকায়ে জারিয়ার একটি অংশ হয়ে থাকবে, ইনশাআল্লাহ। তিনি যে জ্ঞান মানুষের হাতে তুলে দিয়েছেন, তার প্রভাব হয়তো তার জীবনকাল পেরিয়েও বহু মানুষের মধ্যে ছড়িয়ে আছে।
মানুষকে খাইয়ে তিনি আনন্দ পেতেন : আমার মায়ের আরেকটি স্বভাব ছিল— মানুষকে খাইয়ে তিনি আনন্দ পেতেন। কেউ বাড়িতে এসেছে, অথচ তাকে কিছু না খাইয়ে বিদায় দেওয়া হবে— এটা তার কাছে যেন অসম্ভব ছিল। অতিথি যত সাধারণই হোক, তার আপ্যায়নে কোনো পার্থক্য থাকত না। সংগঠনের কর্মী, ছাত্র-ছাত্রী, আত্মীয়, প্রতিবেশী, পরিচিত, দরিদ্র মানুষ— যেই আসুক, মা তাকে নিজের মানুষ মনে করে নিতেন।
রান্না করা, খাবার পরিবেশন করা, সবাইকে খাওয়ানো— এসবের মধ্যেই তিনি এক ধরনের আনন্দ খুঁজে পেতেন। তিনি শুধু মানুষকে খাবার দিতেন না; খাবারের সঙ্গে দিতেন তার মমতা মেশানো ভালোবাসা।
ঝড়-বৃষ্টি-মাটি পেরিয়ে দাওয়াত
আমার মায়ের পায়ের চিহ্ন ছিল বহু পথ, ধূলিধূসরিত বহু রাস্তা পেরিয়ে মানুষের বাড়ির আঙিনায়, বাড়ির ফ্লাট থেকে ফ্ল্যাটে। সে সময় সব রাস্তা পাকা ছিল না। বৃষ্টি হলে কাদা, ঝড় হলে দুর্যোগ, কোথাও পথ দুর্গম— কিছুই তাকে থামাতে পারত না।
তিনি হাঁটতেন।
বাড়ি থেকে বাড়িতে যেতেন।
মানুষের খোঁজ নিতেন।
দাওয়াত দিতেন।
কারো দরজায় পৌঁছাতে যদি কাদা মাটি পেরোতে হয়, তিনি কাদা পেরিয়েছেন। বৃষ্টিতে ভিজতে হলে ভিজেছেন। কিন্তু মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর কাজটি থামাননি।
মানুষের মৃত্যু থেকেও শিক্ষা দেওয়ার এক অনন্য পদ্ধতি
মায়ের দাওয়াতি জীবনের সবচেয়ে ব্যতিক্রমী দিকগুলোর একটি ছিল মৃত ব্যক্তির গোসলের সঙ্গে মানুষের হৃদয়ে আখিরাতের বোধ জাগিয়ে তোলা। অনেক সময় গভীর রাতে— কখনো রাত ২টা, কখনো ৩টার সময় কেউ এসে বলত, ‘খালাম্মা, আমার কাছের একজন মারা গেছেন। গোসল করাতে হবে।’
আমরা পরিবারের লোকজন কখনো তাকে রাতের বেলায় যেতে দিতে চাইতাম না। কিন্তু মা বলতেন, এটি মানুষের শেষ সময়ের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রয়োজনে পরিবারের কাউকে সঙ্গে নিয়ে তিনি চলে যেতেন।
কিন্তু তিনি শুধু নিজে গোসল করিয়ে চলে আসতেন না। তিনি মৃত ব্যক্তির মেয়ে, পুত্রবধূ কিংবা কাছের আত্মীয়কে পাশে দাঁড় করাতেন এবং বলতেন, ‘আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকো। নিজের মানুষকে নিজেরাই শেষবারের মতো সম্মান করো।’
এই কাজের মধ্য দিয়ে তিনি মানুষকে মৃত্যুর বাস্তবতা, আখিরাত এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে ভাবতে শেখাতেন। পরবর্তীতে অনেক পরিবার তার উপস্থিতি ছাড়া জানাজা বা দাফনের আয়োজনকে অসম্পূর্ণ মনে করত। তিনি মানুষের মনস্তত্ত্ব বুঝতেন। কখন কোথায় কীভাবে কথা বলতে হয়, সেটি তিনি জানতেন। এ কারণেই তিনি শুধু একজন কর্মী ছিলেন না; তিনি ছিলেন একজন সফল দাঈ।
দান-সদকা ছিল তার স্বভাব : আমার মা অত্যন্ত দানশীল ছিলেন। নিজে যেমন আল্লাহর পথে দান করতেন, তেমনি অন্যদেরও খুব সহজে আল্লাহর পথে দান করতে উদ্বুদ্ধ করতেন। তিনি মনে করতেন, সম্পদ মানুষের হাতে একটি আমানত। সেই আমানতের একটি অংশ আল্লাহর পথে ব্যয় করা উচিত।
সংগঠনের প্রয়োজনেও তিনি আন্তরিকতার সঙ্গে কালেকশন করতেন। কিন্তু তার কাছে কালেকশন ছিল শুধু অর্থ সংগ্রহ নয়। তিনি মানুষকে কাজের উদ্দেশ্য বুঝিয়ে বলতেন, প্রয়োজনের কথা বলতেন এবং নিজের জীবন দিয়ে দানের দৃষ্টান্ত স্থাপন করতেন। তার বিশেষ গুণ ছিল— তিনি নিজে যা করতেন, অন্যকেও তা করতে বলতেন। এমনকি পরিবারের সদস্যদেরও তিনি দানের ব্যাপারে উৎসাহ দিতেন। তার হাতে দেওয়া অর্থের পরিমাণ হয়তো আজ হিসাব করা সম্ভব নয়; কিন্তু তার মাধ্যমে যে অসংখ্য মানুষ দানের অভ্যাস শিখেছে, তার মূল্য কোনো অঙ্কে পরিমাপ করা যায় না।
আত্মীয়তার বন্ধন রক্ষায় এক অনন্য মানুষ
আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক রক্ষা করা ছিল মায়ের চরিত্রের আরেকটি উন্নত বৈশিষ্ট্য। তিনি মনে করতেন, আত্মীয়তা শুধু প্রয়োজনের সময় পাশে থাকার বিষয় নয়; বরং সুখে-দুঃখে, সুস্থতায়-অসুস্থতায় একে অপরের খোঁজ নেওয়াই সম্পর্কের সৌন্দর্য। বয়স বাড়ার সঙ্গে যখন তার শারীরিক অসুস্থতা বেড়ে গেল এবং আগের মতো বাইরে যাওয়া সম্ভব হলো না, তখনো তিনি মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। তখনকার অ্যানালগ টেলিফোনের যুগে তিনি আত্মীয়-স্বজন ও পরিচিতদের ফোন নম্বর একটি ডায়েরিতে লিখে রাখতেন। তারপর সেই ডায়েরি খুলে একে একে নম্বর দেখে ফোন করতেন।
—‘কেমন আছো মা?’
—‘শরীর কেমন?’
—‘বাচ্চারা কেমন আছে?’
—‘অনেক দিন তোমার কোনো খবর পাই না, তাই ফোন করলাম।’
এই কয়েকটি সাধারণ বাক্যের মধ্যে লুকিয়ে থাকত অসাধারণ মমতা।
আজ সেই ডায়েরির কথা মনে হলে মনে হয়— সেটি শুধু ফোন নম্বরের ডায়েরি ছিল না; সেটি ছিল তার ভালোবাসার এক অনবদ্য মানচিত্র।
প্রতিটি নামের সঙ্গে ছিল একটি সম্পর্ক, একটি পরিবার, একটি স্মৃতি এবং তার হৃদয়ের একটি অংশ।
পরিচ্ছন্নতা, ইবাদত ও আত্মিক সাধনা
মায়ের চরিত্রের অন্যতম অনন্য বৈশিষ্ট্য ছিল তার পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল জীবনযাপন। তার পোশাক, ঘরবাড়ি, রান্নাঘর— সবকিছুতেই ছিল পরিচ্ছন্নতা ও পরিপাটির ছাপ। কিন্তু এই পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক ছিল না; তার অন্তরের শুদ্ধতার সঙ্গেও যেন এর গভীর সম্পর্ক ছিল।
ইবাদত ছিল তার জীবনের কেন্দ্র। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তাহাজ্জুদের নামাজকে অবহেলা করেননি। রাতের নীরবতায় তার রবের সঙ্গে সেই একান্ত সম্পর্ক ছিল তার আত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নফল রোজাও তিনি নিয়মিত রাখতেন। রোজা ও তাহাজ্জুদ ছিল তার জীবনের বিশেষ আধ্যাত্মিক বৈশিষ্ট্য। তিনি কখনো এসব নিয়ে প্রচার করতেন না। তার ইবাদত ছিল অনেকটাই নীরব; নিজের সঙ্গে তার রবের সম্পর্কের মতোই নিভৃত।
আমাদের জীবনে তার দাওয়াত : মা শুধু নিজে কাজ করেননি; তার সন্তানদেরও দীনি পরিবেশে বড় করেছেন। আমরা তার কাজ দেখতে দেখতে বড় হয়েছি। তার মানুষের সঙ্গে সম্পর্ক, তার বই পড়া, তার তাফসিরের আয়োজন, তার দান, তার মানুষের ঘরে ঘরে যাওয়া— সবকিছু আমাদের ওপর গভীর প্রভাব ফেলেছে।
আমরা ছাত্রী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার অনুপ্রেরণা পেয়েছি তার কাছ থেকেই। তিনি কখনো শুধু বক্তৃতা দিয়ে আমাদের শেখাননি। তিনি তার জীবন দিয়ে দেখিয়েছেন— একজন নারী একইসঙ্গে মা হতে পারেন, স্ত্রী হতে পারেন, পরিবারের দায়িত্ব পালন করতে পারেন এবং সমাজের জন্যও কাজ করতে পারেন।
আমার নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সঙ্গেও মায়ের নাম গভীরভাবে জড়িয়ে আছে
আমার বিয়ের জন্য যখন বিভিন্ন প্রস্তাব আসছিল, তখন একটি প্রস্তাব এসেছিল এমন একজনের কাছ থেকে, যিনি ইসলামী ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলেন এবং পরবর্তীতে আমার জীবনসঙ্গী হন।
মা তখন আমাকে বলেছিলেন, ‘মা, ইসলামী আন্দোলনের সঙ্গে যে ছেলেটি জড়িত আছে, আমার কাছে তাকেই বেশি উপযুক্ত মনে হচ্ছে। কারণ তোমার জীবন, তোমার চিন্তা, তোমার স্বপ্ন এবং তোমার দীনি কাজকে তোমারই পথের একজন পথিক সবচেয়ে ভালো বুঝতে পারবে। তোমার কাজের সহযোগী হতে পারবে।’
মায়ের সেই কথার গভীরতা আমি আজ আরও বেশি বুঝতে পারি। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে বুঝেছি— একজন মায়ের সঠিক সময়ে দেওয়া একটি পরামর্শ সন্তানের পুরো জীবনকে কীভাবে প্রভাবিত করতে পারে। আমার জীবনের পথচলায় মায়ের সেই সমর্থন ছিল এক অসাধারণ আশীর্বাদ।
শেষ দিনেও দাওয়াত ও দান
তিনি ২০১৮ সালের ১২ অক্টোবর এ দুনিয়ার সফর শেষ করে প্রিয় রবের সান্নিধ্যে চলে যান। কিন্তু মায়ের জীবনের শেষ দিনটিও ছিল তার জীবনদর্শনেরই প্রতিচ্ছবি। শেষ দিনেও তিনি সংগঠনের প্রিয় মানুষকে কাছে ডেকেছিলেন। তাদের সঙ্গে কথা বলেছেন। ‘ইয়ানত’ দিয়েছেন, নিজে দান করেছেন এবং অন্যদেরও আল্লাহর পথে ব্যয় করতে উৎসাহিত করেছেন।
তিনি সবসময় স্বপ্ন দেখতেন একদিন দীনি কাজ আরও বিস্তৃত হবে, মানুষের মধ্যে নৈতিকতা ও আল্লাহভীতি বৃদ্ধি পাবে। মানুষ আগ্রহ ভরে দীনের পথে দলে দলে মানুষ যুক্তহবে। সে দীন আর বেশি দূরে নয় নেতৃবৃন্দ জীবন দিয়ে সে পথ রচনা করে গেছেন। শেষ সময়ে অসুস্থ অবস্থান নেতৃবৃন্দের ফাঁসির ঘটনায় অনেক কষ্ট পেতেন, চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করতেন। তার শেষ দিন পর্যন্ত তার চিন্তার কেন্দ্রে ছিল মানুষ, দীন এবং আল্লাহর সন্তুষ্টি।
বিদায়ও ছিল তার জীবনের মতোই
মায়ের মৃত্যুর কথা লিখতে গেলে কলম থমকে যায়। তিনি ছিলেন একজন দাঈ। তার জীবন ছিল ইবাদত, দাওয়াত, সেবা, ত্যাগ ও মানুষের কল্যাণে নিবেদিত। আর তার বিদায়ও যেন তার সেই জীবনযাত্রার সঙ্গে এক অদ্ভুত সামঞ্জস্য রেখে এসেছিল।
জুমার দিন মাগরিবের পর তিনি পরিচ্ছন্ন হয়ে নামাজ আদায় করেছিলেন। এরপর পরিবারের মানুষকে মাঝখানে গাড়িতে বসে ছিলেন। সেই সময় তিনি দু’হাত তুলে বারবার ‘আল্লাহ, আল্লাহ’ উচ্চারণ করতে করতে দুনিয়া থেকে বিদায় নেন।
একজন মানুষের পরিণতি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমাদের নেই; সেই বিচার একমাত্র মহান আল্লাহর। কিন্তু একজন মুমিনের জন্য এর চেয়ে সুন্দর আকাক্সক্ষা আর কী হতে পারে— জীবনের শেষ মুহূর্তে তার জিহ্বায় থাকুক আল্লাহর নাম। মায়ের বিদায় তাই আমাদের কাছে শুধু বিচ্ছেদের স্মৃতি নয়; এটি তার জীবনদর্শনেরও একটি গভীর প্রতীক হয়ে আছে। যে মানুষ সারা জীবন আল্লাহর পথে চলার চেষ্টা করেছেন, তার শেষ উচ্চারণেও ছিল— ‘আল্লাহ, আল্লাহ।’
আজও তিনি বেঁচে আছেন সকল কল্যাণের কাজে।
মা আজ আমাদের মাঝে নেই।
কিন্তু সত্যিই কি তিনি নেই?
তিনি আছেন আমাদের স্মৃতিতে।
আছেন তার দেওয়া বইয়ের পাতায়।
আছেন তার শেখানো মানুষগুলোর জীবনে।
আছেন তার হাতে খাওয়ানো অসংখ্য মানুষের স্মৃতিতে।
আছেন তার দেওয়া কুরআনের কপিগুলোয়।
আছেন তার তৈরি করা সম্পর্কগুলোর মধ্যে।
আছেন তার সন্তানদের চিন্তা ও কর্মে।
আছেন সেই সব ঘরে, যেখানে কোনো একদিন ‘রওশন খালাম্মা’ গিয়ে বসেছিলেন।
কখনো কোনো বৃদ্ধা বা মুরুব্বি আমাকে দেখে বলেন, ‘তোমার মা এমন ছিলেন…’
কখনো কেউ তার দানের কথা বলেন।
কখনো কেউ তার রান্নার কথা মনে করেন।
কখনো কেউ তার তাফসিরের কথা বলেন।
কখনো কেউ বলেন, ‘তোমার মা আমাকে ওই বইটি দিয়েছিলেন।’
তখন মনে হয়— মানুষের শরীর চলে যায়, কিন্তু মানুষের কর্ম থেকে যায়।
মা হয়তো আজ আমাদের চোখের সামনে নেই, কিন্তু তার রেখে যাওয়া মানুষগুলোই যেন তার জীবন্ত স্মৃতিস্তম্ভ।
একজন নীরব দাঈর উত্তরাধিকার
প্রিয় মা রওশন সাঈদের জীবনকে যদি একবাক্যে বলতে হয়, তবে আমি বলব— তিনি তার নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন, একজন নারী চাইলে সংসার, পরিবার, আত্মীয়তা, ইবাদত, জ্ঞানচর্চা, সমাজসেবা এবং দাওয়াত— সবকিছুকে একসঙ্গে ধারণ করতে পারেন।
তিনি ছিলেন নীরব।
কিন্তু তার কাজ ছিল উচ্চকণ্ঠ।
তিনি ছিলেন প্রচারবিমুখ।
কিন্তু তার জীবনই ছিল তার সবচেয়ে বড় বার্তা।
তিনি ছিলেন সাধারণ এক গৃহিণী।
কিন্তু তার ঘর থেকে কত মানুষের জীবনে যে আলো পৌঁছেছিল, তার হিসাব হয়তো কোনোদিনও লেখা সম্ভব হবে না। আজ তার কথা লিখতে গিয়ে আমার মনে হয়, একজন মায়ের জীবনের সবচেয়ে বড় পরিচয় তার সন্তান নয়— তার সন্তানদের মধ্যে তিনি কী রেখে গেছেন, সেটিই তার প্রকৃত উত্তরাধিকার। আমাদের মা আমাদের শুধু জন্ম দেননি; তিনি আমাদের একটি জীবনদর্শন দিয়ে গেছেন।
তিনি শিখিয়েছেন—
মানুষকে ভালোবাসতে হয়।
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হয়।
অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়।
জ্ঞান অর্জন করতে হয়।
বই পড়তে হয়।
আল্লাহর পথে দান করতে হয়।
মানুষকে খাওয়াতে হয়।
ইবাদতকে জীবনের অংশ করতে হয়।
আর নিজের বিশ্বাসকে শুধু কথায় নয়, কাজে পরিণত করতে হয়।
এই উত্তরাধিকারই আমাদের সবচেয়ে বড় সম্পদ। মায়ের জন্য আজ আমাদের হাতে একটাই পথ— দোয়া।
‘হে আমার রব, তাদের প্রতি দয়া করুন, যেমন তারা শৈশবে আমাকে লালন-পালন করেছেন।’
হে আল্লাহ, আমার মা রওশন সাঈদের জীবনের ভুলত্রুটি ক্ষমা করুন। তার নীরব পরিশ্রম, ইবাদত, দান, দাওয়াত, মানুষের সেবা ও ত্যাগগুলো কবুল করুন। তিনি যেসব মানুষের জীবনে কল্যাণের বীজ বুনে গেছেন, সেসব কল্যাণকে তার জন্য সদকায়ে জারিয়া করে দিন। তার কবরকে নূরে পরিপূর্ণ করুন। তাকে ক্ষমা করুন। তার মর্যাদা বৃদ্ধি করুন। তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আর আমাদের এমন সন্তান বানান, যারা মায়ের রেখে যাওয়া ভালো কাজের উত্তরাধিকার বহন করতে পারে।
সকলের রওশন খালাম্মা নেই— কিন্তু তার আলো এখনো নিভে যায়নি। কারণ কিছু মানুষ চলে গেলেও তাদের জীবন শেষ হয় না।
তাদের জীবন ছড়িয়ে থাকে মানুষের হৃদয়ে,
স্মৃতিতে,
দোয়ার মধ্যে,
আর তাদের রেখে যাওয়া ভালো কাজের ধারাবাহিকতায়।
রওশন সাঈদ— এক নীরব দাঈ।
এক নিবেদিত মা।
এক সেবাময় হৃদয়।
একজন আজীবন শিক্ষার্থী।
একজন নীরব সংগঠক।
আর আমাদের জীবনের এক অমূল্য উত্তরাধিকার।
(সমাপ্ত)