টেকনাফের দুর্গম পাহাড়ে মানব পাচারের ভয়ংকর রুট, অপহরণ চক্রের আস্তানা
১২ নভেম্বর ২০২৬ ১০:২৮
উখিয়া সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড় মানব পাচারের ভয়ংকর রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ অঞ্চলের গহিন পাহাড়ে আস্তানা করে অপহরণ চক্রের সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করছে। অপহরণের শিকার হচ্ছেন রোহিঙ্গা জনগোষ্ঠীসহ অন্যান্য অঞ্চলের নিম্নআয়ের মানুষ। তাদের অনেককে ভালো বেতনে চাকরি কিংবা বেশি মজুরিতে কাজ দেয়ার কথা বলে পাচারকারী চক্রের সদস্যরা।
টেকনাফের দুর্গম পাহাড়ে মানব পাচার, অপহরণ ও জিম্মি বাণিজ্যকে কেন্দ্র করে সক্রিয় সশস্ত্র চক্রের বিরুদ্ধে গত ৫ নভেম্ববর বৃহস্পতিবার অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ অভিযানে লেদা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানোর সময় সশস্ত্র অপরাধী চক্রের সঙ্গে যৌথবাহিনীর সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তিতাস শেখ (২৭) নামে এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যৌথবাহিনীর প্রাথমিক তথ্যানুযায়ী, গত ৫ নভেম্বর সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লেদা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ক্যাম্পের পশ্চিম পাশে ‘পেয়ারা বাগান’ নামক স্থানে অপহৃত ও জিম্মিদের উদ্ধারে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে সশস্ত্র সন্ত্রাসী সাদ্দাম গ্রুপ ও আলম গ্রুপের সঙ্গে যৌথ বাহিনীর সদস্যদের গুলি বিনিময় হয়।
যৌথবাহিনীর অভিযানে ৫১ বাংলাদেশি ও ৬ রোহিঙ্গা নাগরিকসহ মোট ৫৭ জিম্মিকে উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন ৫ পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, কাজের প্রলোভন দেখিয়ে তাদের পাহাড়ের দুর্গম আস্তানায় নিয়ে আটকে রাখা হয়েছিল। তাদের কেউ পাঁচ দিন, আবার কেউ আট দিন ধরে সেখানে বন্দি ছিলেন। তাদের সাগরপথে পাচারের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
গত ৬ নভেম্বর শুক্রবার সকালে উদ্ধার হওয়া ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় মানবপাচারের সাথে বেশ কয়েকটি গ্রুপ জড়িত বলে জানা গেছে। এর মধ্যে আলম, হাসান, নূর আলম, জাবু ডাকাত, বদরুদ্দীন ওরফে বদরুজ, খায়ের, পুতিয়া, সালমান শাহ, হাকিম, কালা বাঁশি, সানাউল্লাহ ওরফে সানা, রবিউল্লাহ, সাদ্দাম, মোহাম্মদ শাহ, হারুন ও হামিদসহ কয়েকটি চক্রের নাম উঠে এসেছে।
স্থানীয়দের ভাষ্য, অপহৃতদের প্রথমে পাহাড়ের বিভিন্ন আস্তানায় আটকে রাখা হয়। পরে সুযোগ বুঝে তাদের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে স্থানান্তর করা হয়। সাগরপথে মালয়েশিয়া বা অন্যত্র পাচারের জন্য ট্রলার প্রস্তুত হলে জিম্মিদের উপকূলীয় এলাকার বিভিন্ন পয়েন্টে নেওয়া হয় বলে জানান। প্রথমে চোখ বেঁধে পাহাড়ে নিয়ে যাওয়া হয়।
সম্প্রতি উখিয়ার মরিচ্যার বাসিন্দা মেহেদী হাসানকে টেকনাফ মেরিন ড্রাইভ এলাকা থেকে অপহরণের অভিযোগ ওঠে। পরিবারের ভাষ্য অনুযায়ী, অপহরণের পর তার চোখ বেঁধে দীর্ঘসময় পাহাড়ি পথে হাঁটিয়ে একটি দুর্গম আস্তানায় নেওয়া হয়। সেখানে তাকে অন্য একটি দালাল চক্রের কাছে দুই লাখ টাকায় বিক্রি করা হয়।
এ ধরনের ঘটনায় পাহাড়ের আস্তানাগুলো শুধু জিম্মি রাখার স্থান নয়, বরং অপহৃত মানুষকে এক চক্রের কাছ থেকে অন্য চক্রের কাছে হস্তান্তরের একটি নেটওয়ার্ক হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে জানা যায়।
মুক্তিপণের জন্য অপহরণের অভিযোগ
এর আগে গত ২০ অক্টোবর রাতে বাহারছড়ার রফিক নামে এক ব্যক্তিকে তার সুপারি বাগান থেকে অপহরণের অভিযোগ ওঠে। পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলেও তিন দিন পর চার লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে তাকে উদ্ধার করা হয়। এছাড়া মেরিন ড্রাইভ এলাকা থেকে মাহমুদুল হাসান নামে আরেক ব্যক্তিকে অপহরণ করে পাহাড়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে তার স্বজনদের অভিযোগ। তাদের দাবি, টাকা না দিলে অপহৃতকে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে মুক্তিপণ দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এক মাদরাসাছাত্র অপহরণের অভিযোগ
যৌথবাহিনীর অভিযান চলার মধ্যেই হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং পাহাড়ি এলাকায় মোহাম্মদ রিহান (১১) নামে এক মাদরাসাছাত্রকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ ওঠে। রিহান স্থানীয় কৃষক জমিল হোসেনের ছেলে এবং বড়বিল নূরানী মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। রিহানের পরিবারের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পাহাড়কেন্দ্রিক অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান চলার মধ্যেই এমন অভিযোগ স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সশস্ত্র চক্রে যুবকদের জড়ানোর অভিযোগ স্থানীয়রা দাবি করেন। রোহিঙ্গা ক্যাম্পসহ সীমান্তবর্তী এলাকার কিছু যুবক বিভিন্ন সশস্ত্র অপরাধী চক্রের সঙ্গে যুক্ত হচ্ছে। পাহাড়ি আস্তানাগুলোয় অপহৃতদের পাহারা, নির্যাতন, মুক্তিপণ আদায় এবং পাচারের কাজে তাদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
‘মানব পাচার বন্ধ হোক’— স্থানীয়দের দাবি
টেকনাফের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্গম পাহাড়কে ঘিরে দীর্ঘদিন ধরে মানব পাচার, অপহরণ ও সশস্ত্র অপরাধের যে নেটওয়ার্ক গড়ে উঠেছে, তা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, শুধু বিচ্ছিন্ন অভিযান নয়, পাহাড়ের ভেতরে থাকা অপরাধীদের আস্তানা চিহ্নিত করে স্থায়ীভাবে ধ্বংস করতে হবে। একই সঙ্গে অপহরণ ও মানব পাচারের সঙ্গে জড়িত দালাল, অর্থদাতা, অস্ত্রধারী এবং সহযোগীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নিতে হবে।