দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা অক্ষুণ্ন রাখতে হবে — এটিএম আজম খান


১২ নভেম্বর ২০২৬ ১০:২৭

রংপুর সংবাদদাতা : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ নভেম্বর শনিবার বিকেলে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর মহানগর আমীর ও রংপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান।
উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষা পেয়েছিল। আধিপত্যবাদী শক্তির দেশবিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য মাইলফলক। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা চিরকাল দেশপ্রেমিক জনগণকে প্রেরণা জুগিয়ে যাবে।
তিনি আরও বলেন, দেশ ও জাতির যেকোনো ক্রান্তিলগ্নে আপসহীন ভূমিকা পালন করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। সকল প্রকার অন্যায়, বৈষম্য ও চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনই আজকের দিনের প্রধান অঙ্গীকার হওয়া উচিত।
আলোচনা সভায় বক্তব্য দেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি আল-আমিন হাসান, রংপুর মহানগরীর প্রচার সম্পাদক এডভোকেট কাওসার আলী এবং কোতোয়ালি থানা আমীর গোলাম কিবরিয়াসহ স্থানীয় নেতারা।