বিদ্যালয় কি শুধু পরীক্ষার কেন্দ্র, আসল পড়াশোনা কোথায়?


১২ নভেম্বর ২০২৬ ১০:০০

॥ সৈয়দ খালিদ হোসেন ॥
সকালে সন্তানকে শ্রেণিকক্ষে পাঠানোর আগে তাকে প্রস্তুত করে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরিয়ে বিদ্যালয়ে পাঠান অভিভাবক। সঙ্গে থাকে বই-খাতা, টিফিন ও যাতায়াতের খরচ। দুপুরে বিদ্যালয় থেকে ফেরার পর সন্তানের পড়াশোনা কি শেষ হয়? উত্তর হচ্ছে না। বিকেলে তাকে ছুটতে হয় কোচিং সেন্টারে, নয়তো বসতে হয় গৃহশিক্ষকের কাছে। সেখানে লেখাপড়া কিছুটা অগ্রগতির পর রাতে থাকে বাসা-বাড়ির পড়া ও পরীক্ষার প্রস্তুতি। এভাবেই অনেক শিক্ষার্থীকে শিক্ষাজীবনে বিদ্যালয়ের পাশাপাশি নির্ভরশীল হতে হয় কোচিং ও প্রাইভেট টিউশনের ওপর। প্রশ্ন উঠছে— বিদ্যালয়ে যদি প্রয়োজনীয় পাঠদানই নিশ্চিত করা যায়, তাহলে বাড়তি টাকা খরচ করে অভিভাবকদের সন্তানকে কোচিং বা প্রাইভেট পড়াতে হচ্ছে কেন? শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা কি নির্ধারিত পাঠ বুঝে বাড়ি ফিরতে পারছে? নাকি বিদ্যালয়ের পাঠ অসম্পূর্ণ থাকায় পরীক্ষায় ভালো ফলের জন্য তাদের নির্ভর করতে হচ্ছে বিকল্প শিক্ষাব্যবস্থার ওপর?
শিক্ষা নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্যেও এই নির্ভরশীলতার চিত্র উঠে এসেছে। গণসাক্ষরতা অভিযানের (ক্যাম্পে) ‘এডুকেশন ওয়াচ ২০২৩’ গবেষণায় দেখা যায়, প্রাথমিক পর্যায়ের ৭০ শতাংশ এবং মাধ্যমিক পর্যায়ের ৭৬ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী প্রাইভেট টিউটরের সহায়তা নিয়েছে। একই গবেষণায় প্রাথমিকের ৯২ শতাংশ এবং মাধ্যমিকের ৯৩ শতাংশ শিক্ষার্থীর বাণিজ্যিক গাইডবই ব্যবহারের তথ্য পাওয়া যায়। অর্থাৎ বিদ্যালয়ের পাঠ্যবইয়ের বাইরে অতিরিক্ত শিক্ষা উপকরণ ও শিক্ষকের ওপর নির্ভরতা অনেকটাই স্বাভাবিক চর্চায় পরিণত হয়েছে। এ পরিস্থিতি শুধু শিক্ষার্থীদের পড়াশোনার ধরন বদলে দিচ্ছে না, বাড়িয়ে দিচ্ছে পরিবারের শিক্ষা ব্যয়ও। একদিকে বিদ্যালয়ের বেতন, পরীক্ষা ফি, বই-খাতা, পোশাক ও যাতায়াত খরচ; অন্যদিকে কোচিং, গৃহশিক্ষক ও গাইডবইয়ের ব্যয়। ফলে শিক্ষা নিশ্চিত করতে গিয়ে অনেক পরিবারকে নিয়মিত আয়ের বড় একটি অংশ সন্তানের পড়াশোনার পেছনে ব্যয় করতে হচ্ছে।
শিক্ষার মূল দায়িত্ব বিদ্যালয়ের। সেখানে পাঠদান, শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর যোগাযোগ, দুর্বল শিক্ষার্থীদের বাড়তি সহায়তা এবং নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শেখার ঘাটতি পূরণের কথা। কিন্তু বিদ্যালয়ের বাইরে অতিরিক্ত অর্থ ব্যয় না করলে সন্তান পিছিয়ে পড়বে— অভিভাবকদের মধ্যে এমন আশঙ্কা তৈরি হলে প্রশ্ন উঠতেই পারে— বিদ্যালয় কি ধীরে ধীরে শুধু উপস্থিতি ও পরীক্ষার কেন্দ্র হয়ে উঠছে? নাকি শ্রেণিকক্ষেই শিক্ষার মান নিশ্চিত করার জায়গায় কোথাও ঘাটতি রয়ে যাচ্ছে?
শ্রেণিকক্ষে কতটুকু পড়ানো হয়?
দেশের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা বইয়ের কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, সেটি নির্ধারণ করে দেন। ওই পড়াটা শ্রেণিকক্ষে তিনি পড়ান না। সবার পড়া নেওয়া সময়ও তার নেই। ফলে আন্দাজ করা যায়, সেখানে শিক্ষার্থী কোথায় পড়া শিখতে কি করতে হচ্ছে। সেই প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে আলাপকালে জানা গেছে, শিক্ষকের ক্লাস নেওয়ার সময় কম এবং শিক্ষার্থীর সংখ্যা বেশি, ফলে তিনি ডায়েরি লিখে পড়া দেওয়ার সময়ই ঠিকমতো পাচ্ছেন না। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ অবশ্য এ সমস্যার কথা স্বীকার করে প্রতি ২৫ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতির কথা জানান। কিন্তু এই পরিকল্পনা কবে বাস্তবায়ন হবে, তার কোনো নিশ্চয়তা নেই। একই অবস্থা প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে, শিক্ষকরা ক্লাসে পড়াতেই চান না, কিন্তু এই একই শিক্ষক আবার প্রাইভেট- টিউশনে ঠিক ভালোই পড়ান। কিন্তু যাদের সন্তানদের প্রাইভেট টিউটর দিয়ে পড়ানোর সামর্থ্য নেই, তারা কী করবেন? হয়তো লেখাপড়া একপর্যায়ে এসে বন্ধ করে দেবেন, নয়তো তাদের সন্তানরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন।
শিক্ষবিদরা বলছেন, বিদ্যালয়ে শিক্ষার্থীরা কতটুকু শিখছে, তা বোঝার অন্যতম উপায় হলো শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সংযোগ এবং পাঠ বুঝতে শিক্ষার্থীদের অংশগ্রহণ। শুধু ক্লাস নেওয়া বা বইয়ের পড়া দাগিয়ে দিয়ে সিলেবাস শেষ করা মানসম্মত শিক্ষা নয়। শিক্ষার্থী পাঠ বুঝতে পারছে কি না, প্রশ্ন করার সুযোগ পাচ্ছে কি না এবং শিক্ষক তার শেখার ঘাটতি চিহ্নিত করতে পারছেন কি না, তা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে গণসাক্ষরতা অভিযানের ‘এডুকেশন ওয়াচ ২০২৩’ প্রতিবেদনে প্রাথমিক বিদ্যালয়ের ৪৬ শতাংশ এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৫১ শতাংশ শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠ পরিচালনার মান ভালো পাওয়া গেছে। অর্থাৎ বাকি শ্রেণিকক্ষগুলোয় পাঠ পরিচালনায় বিভিন্ন মাত্রার সমস্যা চিহ্নিত হয়েছে। আবার প্রায় ২৫ শতাংশ প্রাথমিক এবং ৩০ শতাংশ মাধ্যমিক শ্রেণিকক্ষে কোনো সহায়ক শিক্ষা উপকরণ ব্যবহারের তথ্য পাওয়া যায়নি। শিক্ষার্থীদের একটি বড় অংশ মনে করছে, শ্রেণিকক্ষে পাঠ বুঝে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ তারা পাচ্ছে না। অর্থাৎ বিদ্যালয়ে শিক্ষক উপস্থিত থাকলেই কার্যকর পাঠদান নিশ্চিত হয় না। একটি ক্লাসে ৪০-৫০ মিনিট শিক্ষক পড়ালেন, শিক্ষার্থীরা শুনল, খাতায় লিখল— এতেই শেখার প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। শিক্ষার্থীর প্রশ্ন, অনুশীলন, ভুল সংশোধন এবং ব্যক্তিগত দুর্বলতা বুঝে সহায়তা করার সুযোগ থাকতে হয়।
বিশেষ করে বড় শ্রেণিকক্ষে একজন শিক্ষকের পক্ষে সব শিক্ষার্থীর শেখার অগ্রগতি আলাদাভাবে পর্যবেক্ষণ করা কঠিন। যারা দ্রুত বুঝতে পারে, তারা এগিয়ে যায়। অন্যদিকে যারা কোনো বিষয় বুঝতে পারে না, তারা অনেক সময় প্রশ্ন করার সাহস পায় না। পরবর্তী পাঠে আগের বিষয়টির ওপর নতুন বিষয় যুক্ত হওয়ায় তাদের শেখার ঘাটতি আরও বাড়ে। পরে এই ঘাটতি পূরণ করতে অভিভাবকদের দ্বারস্থ হতে হয় প্রাইভেট শিক্ষক বা কোচিং সেন্টারের।
খবর নিয়ে জানা গেছে, ঢাকার মতিঝিল, মৌচাক, শাহজাহানপুর, মুগদা, খিলগাঁও, বেইলি রোড, মালিবাগ ও বনশ্রীসহ বিভিন্ন এলাকায় অসংখ্য কোচিং সেন্টার গড়ে উঠেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্যে অনিয়মিত ক্লাস, পাঠ বুঝতে না পারা এবং পরীক্ষায় পিছিয়ে পড়ার আশঙ্কায় তারা কোচিংয়ের ওপর নির্ভর করছেন।
বিশেষজ্ঞরা বলছেন, শ্রেণিকক্ষের সব দায় শিক্ষকের ওপর চাপানোর সুযোগ নেই। শিক্ষক সংকট, শ্রেণিকক্ষের ধারণক্ষমতা, পাঠ্যসূচির চাপ, নিয়মিত মূল্যায়নের সীমাবদ্ধতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনাও পাঠদানের মানকে প্রভাবিত করে। তবে এসব সীমাবদ্ধতার সমাধান বিদ্যালয়ের ভেতরেই খোঁজার কথা। শ্রেণিকক্ষে শেখার ঘাটতি রেখে শিক্ষার্থীকে বাইরে গিয়ে তা পূরণ করতে হলে বিদ্যালয়ের মূল উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তৈরি হয়।
কোচিং ও প্রাইভেট ছাড়া ভালো ফল সম্ভব কি?
একসময় প্রাইভেট পড়া বা কোচিংকে দুর্বল শিক্ষার্থীদের বাড়তি সহায়তা হিসেবে দেখা হতো। এখন অনেক পরিবারের কাছে এটি প্রায় নিয়মিত শিক্ষাব্যবস্থার অংশ। পরীক্ষায় ভালো ফল, শ্রেণিতে অবস্থান ধরে রাখা কিংবা ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের বড় একটি অংশকে বিদ্যালয়ের বাইরেও পড়তে হচ্ছে।
উদাহরণ হিসেবে একটি বাস্তব চিত্র তুলে ধরা যেতে পারে— রাজধানীর গোলাম মোস্তফা কলেজ এইচএসসির ২০২৪-২৫ সেশনের একজন শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাসে অংশ নিলেও ক্লাসের ওপর আস্থা রাখতে পারেনি তার অভিভাক। বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীকে ভালো ফলের জন্য বাসায় একজন টিউটর রাখতে হয়েছে, যিনি সপ্তাহে তিন থেকে চার দিন এক থেকে দেড় ঘণ্টা পড়িয়েছেন। পরীক্ষার আগের নিয়মিত ওই টিউটরের তত্ত্বাবধানে থাকা শিক্ষার্থী এ-মাইনাস পেয়েছে। সন্তানের এই রেজাল্টে বাবা-মা খুবই অসন্তোষের মধ্যে রয়েছেন। শুধু টিউটরের পেছনে মাসে খরচ ছিল ১২ হাজার টাকা। এসএসসিতে এ-প্লাস পাওয়া এই শিক্ষার্থী এইচএসসির ফলাফল ঘোষণার পর কাঙ্ক্ষিত ফল না পেলেও অভিভাবকরা টিউটরের ওপর খুশি, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর চরম অখুশি। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এই শিক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন, বাসায় টিউটর দিয়ে না পড়ালে তাদের সন্তান পাস করতো কিনা, তাতেই সন্দেহ। এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সামর্থ্যবান অভিভাবকরা, আর অসামর্থ্যবানদের সন্তানরা অর্থ সংকটে ঝরে পড়ছেন। এডুকেশন ওয়াচের তথ্য বলছে, প্রাথমিক পর্যায়ের ৭১ শতাংশ এবং মাধ্যমিক পর্যায়ের ৭৬ শতাংশ শিক্ষার্থী বাড়িতে প্রাইভেট শিক্ষকের সহায়তা নেয়। অন্যদিকে প্রাথমিকের প্রায় ১৫ শতাংশ এবং মাধ্যমিকের ১৩ শতাংশ শিক্ষার্থী কোচিং সেন্টারে যায়। গবেষণায় গাইডবইয়ের ব্যবহারও উদ্বেগজনকভাবে বেশি পাওয়া গেছে। প্রাথমিক পর্যায়ের ৯২ দশমিক ৪ শতাংশ এবং মাধ্যমিক পর্যায়ের ৯৩ শতাংশ শিক্ষার্থী বাণিজ্যিক গাইডবইয়ের ওপর নির্ভরশীল। শিক্ষার্থীদের কাছে পাঠ্যবইয়ের পাশাপাশি গাইডবইও প্রায় অপরিহার্য হয়ে উঠেছে। এর পেছনে কয়েকটি কারণ কাজ করছে। প্রথমত, শ্রেণিকক্ষে কোনো অধ্যায় পুরোপুরি বুঝতে না পারলে শিক্ষার্থী বাইরে থেকে সেই পাঠ শিখতে চায়। দ্বিতীয়ত, পরীক্ষার প্রশ্নের ধরন, উত্তর লেখার কৌশল এবং নম্বর পাওয়ার কৌশল আয়ত্ত করতে কোচিংয়ের সহায়তা নেওয়া হয়। তৃতীয়ত, অন্য শিক্ষার্থীরা কোচিং করছে— এই প্রতিযোগিতামূলক মনোভাবও অভিভাবকদের সিদ্ধান্তে প্রভাব ফেলে।
অভিভাবকদের বাড়তি ব্যয় কত?
সন্তানের শিক্ষার পেছনে অভিভাবকদের ব্যয় এখন আর শুধু বিদ্যালয়ের বেতন, বই-খাতা কিংবা পোশাকের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রাইভেট শিক্ষক, কোচিং সেন্টার, গাইডবই, মডেল টেস্ট, যাতায়াত ও অন্যান্য আনুষঙ্গিক খরচ। ফলে শিক্ষার প্রকৃত ব্যয় হিসাব করতে গেলে বিদ্যালয়ে সরাসরি দেওয়া অর্থের বাইরেও অনেক খাত বিবেচনায় নিতে হয়।
ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাচ্চাকে পড়াচ্ছেন এমন একজন অভিভাকের সঙ্গে কথা বলে জানা গেছে, চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীও মাসিক বেতন ১৫শ’ টাকা। বছরে দিতে হয়, ১৮ হাজার টাকা। দুই পরীক্ষায় ফি ৮শ’ করে ১৬শ’ টাকা। এছাড়া টিউটরিয়াল পরীক্ষায় ১০০ টাকা করে ফি দিতে হয়। ভর্তির সময় নেওয়া হয় ৭ হাজার টাকা। একজন শিক্ষকের বাড়িতে গিয়ে পড়ে আসতে হয়, ওই শিক্ষকের সম্মানী দিতে হচ্ছে মাসে ৫ হাজার টাকা করে। সব মিলিয়ে ব্যাগ-খাতা-কমল ছাড়াই ওই শিক্ষার্থী অভিভাবককে বছরে ব্যয় করতে হচ্ছে প্রায় এক লাখ টাকা।
ঢাকার বসবাসকারী অন্য একজন অভিভাবক জানিয়েছেন, সন্তানদের প্রাইভেট ও কোচিংয়ের জন্য মাসে অন্তত ৫ হাজার থেকে ৬ হাজার টাকা ব্যয় করছেন তিনি। বিদ্যালয়ের ফি, টিফিন ও যাতায়াতসহ মাসিক শিক্ষা ব্যয় ১২ হাজার থেকে ১৩ হাজার টাকা খরচ হচ্ছে। এই ব্যয়ের চাপ সব পরিবারের জন্য সমান নয়। উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের কেউ কেউ একাধিক বিষয়ে আলাদা শিক্ষক রাখতে পারেন। তাদের ব্যয় আরও কয়েকগুণ বেশি।
শিক্ষার এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষকদের জবাবদিহি যেমন জরুরি, তেমনি প্রয়োজন তাদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা। বড় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যা চিহ্নিত করা কঠিন হলে বিদ্যালয়ভিত্তিক অতিরিক্ত সহায়তার ব্যবস্থা করা যেতে পারে। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের নিয়মিত যোগাযোগ থাকতে হবে— যাতে সন্তানের শেখার অগ্রগতি সম্পর্কে পরিবারও জানতে পারে। কোচিং ও প্রাইভেটনির্ভরতা কমাতে সরকারের নীতিমালারও কার্যকর প্রয়োগ প্রয়োজন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ মনে করেন, কিছু সিস্টেম বা শিক্ষাক্রম পরিবর্তন করলেই শ্রেণিকক্ষের শিক্ষার মান বাড়ে না। বাস্তবায়নের সক্ষমতা, শিক্ষক প্রস্তুতি ও শিক্ষার্থীর শেখার অগ্রগতি জরুরি। এডুকেশন ওয়াচের চেয়ারপারসন ড. কাজী খলীকুজ্জমান আহমদ মনে করেন, বিদ্যালয়ে পাঠদান কার্যকর না হওয়ার পেছনে শুধু শিক্ষকের অনীহা নয়, প্রশিক্ষণ ও শিক্ষাক্রম বাস্তবায়নের সক্ষমতার ঘাটতিও রয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি, শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ এবং আধুনিক চিন্তা-চেতনার বিকাশে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, শিক্ষকদের ক্লাসে উপস্থিতি শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক দায়িত্ব। শিক্ষক যদি সঠিকভাবে শিক্ষাদান না করেন, তাহলে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে না। শিক্ষার্থীদের ওপর পরীক্ষা অথবা পড়াশোনার অতিরিক্ত চাপ না দিয়ে তাদের শিক্ষাটাকে আনন্দদায়ক শিক্ষায় পরিণত করা উচিত। শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিতের তাগিদ দিয়ে খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, শিক্ষকদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি এবং শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। শ্রেণিকক্ষে শিক্ষকের উপস্থিতি কেবল প্রশাসনিক দায়িত্ব নয়, এটি নৈতিক দায়িত্বও।