৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
৫ নভেম্বর ২০২৬ ১৫:৪০
স্টাফ রিপোর্টার : ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের ইতিহাসে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবের একদলীয় বাকশালী দুঃশাসনের অবসান ঘটিয়েছে সেনাবাহিনীর দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা কতিপয় সদস্য। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফ পাল্টা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে বাকশালীদের ক্ষমতায় ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। তখন দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধভাবে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে রাজপথে নেমে খালেদ মোশাররফের ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাজত করেছিল। কিন্তু এরপর রাজনৈতিক নেতৃত্বের ঐক্য ও সংহতির অভাব এবং ভুলের কারণে বাকশালী ফ্যাসিজম আবার জাতির ওপর চেপে বসেছিলো। ২০২৪ সালের ৩৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের একটি অংশ আবার ঐক্য ও সংহতি বিনষ্ট করার নীলনকশা আঁকছে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় নিয়ে টালবাহানা শুরু করেছে।
আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো— আমরা কি সেই ৩৬ জুলাইয়ের পুনরুদ্ধার হওয়া ৭ নভেম্বরের চেতনা যথাযথভাবে ধারণ ও সংরক্ষণ করতে পেরেছি? নাকি পুরোনো রাজনৈতিক সংস্কৃতি, ব্যক্তিকেন্দ্রিক তোষামোদ এবং সুবিধাবাদিতা আবারও জেঁকে বসছে? ৭ নভেম্বর ও ৩৬ জুলাই আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হয়। কিন্তু কেবল একটি সরকারের পতন বা ক্ষমতার পালাবদলই এই অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য ছিল না। এর মূল লক্ষ্য ছিল রাষ্ট্রের কাঠামোগত সংস্কার— যেখানে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ প্রতিটি প্রতিষ্ঠান দলীয় প্রভাবমুক্ত ও জনবান্ধব হবে। চেতনা উদ্ধারের অর্থ হলো জুলাইয়ের সেই রক্তস্নাত দিনগুলোর আদর্শ সামনে রেখে সমাজ থেকে দুর্নীতি, বৈষম্য, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার চিরতরে দূর করা। বিগত স্বৈরশাসনের আমলে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, বাকস্বাধীনতা রুদ্ধ করা হয়েছিল এবং আইনের শাসনকে পদদলিত করা হয়েছিল। ৩৬ জুলাই আমাদের সেই অধিকার ফিরিয়ে পাওয়ার নতুন সুযোগ এনে দিয়েছে। এই চেতনাকে টিকিয়ে রাখতে হলে রাষ্ট্রীয় প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে। তারুণ্যের শক্তি ও গণতান্ত্রিক মূল্যবোধএই গণঅভ্যুত্থানের অগ্রভাগে ছিল দেশের সাধারণ শিক্ষার্থী ও তরুণ সমাজ। তাদের অকুতোভয় মনোভাব প্রমাণ করেছে যে একটি সচেতন প্রজন্ম জেগে উঠলে কোনো স্বৈরাচারই টিকতে পারে না। তবে কেবল রাজপথের আন্দোলন দিয়ে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব নয়। প্রয়োজন মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক পরিবর্তন। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ছাড়া প্রকৃত গণতন্ত্র অর্জন করা অসম্ভব। আজকের বাংলাদেশে তরুণদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন এবং একটি জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করাই হোক অঙ্গীকার।
দিবসটি উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা আজ এমন একসময়ে ৭ নভেম্বর পালন করতে যাচ্ছি, যখন জাতি আবারও গভীর সংকটের মুখোমুখি। জাতিকে পুনরায় ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে, এবং দেশবাসী সেই পদধ্বনি আবার শুনতে পাচ্ছে। যদি কারো দেশবিরোধী চক্রান্তে ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসে, তাহলে জাতি এক মহাসঙ্কটে নিপতিত হবে। এই পরিস্থিতিতে দেশ ও জাতিকে রক্ষার জন্য দেশপ্রেমিক ছাত্র-জনতা, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী সকল দল-মত নির্বিশেষে মানুষ, বর্তমান সরকার ও সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই সকল ষড়যন্ত্র ও চক্রান্ত দৃঢ়ভাবে মোকাবিলা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য জামায়াতের সকল শাখা ও দেশপ্রেমিক ছাত্র-জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”