৫ ধাপে ইউপি নির্বাচন রোডম্যাপ ঘোষণা, ২১ জানুয়ারি শুরু


১৫ অক্টোবর ২০২৬ ১১:৫১

স্টাফ রিপোর্টার : প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নির্ধারণ করে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ১২ অক্টোবর সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শেষে এই নির্বাচনের রোডম্যাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় ইসি।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ৫ ধাপের নির্বাচনের প্রথম ধাপ রোজার আগে ২১ জানুয়ারি এবং ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের নির্বাচন হবে।
সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় পার হয়ে গেছে বা এই সময়সীমার মধ্যে নির্বাচনী চক্রের আইনি মেয়াদ পূর্ণ হবে, সেগুলোয় ২৭ মে’র মধ্যে ভোট সম্পন্ন করা হবে।
তিনি জানান, নির্বাচনে কোনো একক অঞ্চলকে আলাদা না করে সব জেলায় একযোগে কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এক্ষেত্রে জেলার সদর উপজেলাগুলো এবং যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ পার হয়ে গেছে (ওভারডিউ) সেগুলোকে প্রথম দিকে অগ্রাধিকার দেওয়া হবে।
আইনশৃঙ্খলা ও নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের আগেও আমাদের এমন অনেক কথা শুনতে হয়েছিল, তারপরও জাতীয় নির্বাচন স্মরণকালের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমরা মনে করি না, বাংলাদেশ আর কোনো সংঘাতময় নির্বাচনের পথে হাঁটার জন্য প্রস্তুত আছে। আমরা আশা করব যে, ভালো নির্বাচনের সংস্কৃতি আমরা শুরু করেছি, তা বলবৎ রাখব এবং সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার আমাদের সহায়তা করবেন।
গত সোমবারের বৈঠকে সিইসি ছাড়াও অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।