দখল-চঁাঁদাবাজিতে ফুঁসে উঠছে মানুষ


৭ অক্টোবর ২০২৬ ২১:৫৮

বাড়িঘর, মার্কেট, হাসপাতাল বাদ যাচ্ছে না কিছুই
বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মী গ্রেফতার
চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা গুটিয়ে নেব -ঢাকা চেম্বার

॥ সাইদুর রহমান রুমী ॥
চাঁদাবাজি আর দখলবাজি যেন থামছেই না। পরিবহন, ফুটপাত, রিয়েল এস্টেট, মার্কেট; এমনকি স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালও বাদ যাচ্ছে না দখলবাজি থেকে। সরকারি দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের দখলবাজি আর চাঁদাবাজিতে অস্থির ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। ইতোমধ্যে ব্যবসায়ী সংগঠনগুলো চাঁদাবাজি বন্ধ না করলে ব্যবসা গুটিয়ে নেয়ার হুমকি দিয়েছেন।
ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখানো পথেই হাঁটছে বিএনপি। রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের সাথে যোগসাজশে শুরু করেছে দখলবাজি আর চাঁদাবাজি। খোদ রাজধানী ঢাকায় পরিবহন খাতে দৈনিক প্রায় ৫ কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়। ফুটপাতেও বন্ধ নেই চাঁদাবাজির থাবা। বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ আসছে ক্ষমতাসীন বিএনপিদলীয় বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে। সম্প্রতি রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, শেরেবাংলাসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপির স্থানীয় নেতাদের গ্রেফতারে নতুন এর বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে।
রাড্ডা হাসপাতাল দখলের নিন্দায় ফেটে পড়েছে সারা দেশ
রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে বিএনপি নেতাকর্মীদের হামলা, ভাঙচুর, লুটপাট এবং দখলের ঘটনায় নিন্দায় কেঁপে ওঠে সারা দেশ। ওই ঘটনায় হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে বিএনপি নেতাকর্মীরা হামলা, ভাঙচুর ও লুটপাট করে দখল করে। এ ঘটনায় শুরু থেকেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় অনেক নেতাকর্মীর জড়িত থাকার অভিযোগ ওঠে। তাদের অনেকে সদ্য পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের (মিষ্টি) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে ঘটনার এক সপ্তাহের মাথায় এমপি মিষ্টি পদত্যাগ করেন।
এর আগের দিন বুধবার রাতে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করে বিএনপি। তবে দলীয় বিজ্ঞপ্তিতে রাড্ডায় হামলার কথা উল্লেখ করা হয়নি। বহিষ্কারের কারণ হিসেবে দলীয় শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের কথা বলা হয়েছে। রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়। কিন্তু সংশ্লিষ্টরা অভিযোগ করছেন মিরপুরসহ পুরো ঢাকা উত্তরে দখল চাঁদাবাজির মূল হোতা বিএনপি নেতা ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাকে শুধু কমিটি থেকে বাদ দেয়া হয়েছে। কিন্তু অন্য কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর
রাজধানীর ইসিবি চত্বরে দেশসেরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুর সাম্প্রতিক আরেকটি আলোচিত ঘটনা। ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত এ স্টুডিওতে শত শত সন্ত্রাসীর হামলা সাধারণ মানুষের অসহায়ত্ব ভাবিয়ে তুলেছে। নিউগিনি প্রপার্টিজের কর্মকর্তা পল্লব আলী জানান, হামলাকারীরা পাঁচটি পিকআপে করে এসেছিল। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা গুলি করতে করতে হাউজিংয়ের ভেতরে প্রবেশ করে।
সালমান মুক্তাদির অভিযোগ করে বলেন, বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। দিতে অস্বীকার করায় প্রতিশোধ হিসেবে স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। গত ৩ অক্টোবর শনিবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তদের একটি দল হঠাৎ স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করে। তাদের সবার হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল। হামলার সময় স্টুডিওর কর্মকর্তারা টয়লেটে আশ্রয় নিলে সেখানে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ওই হামলা ও দখলে নেতৃত্ব দেন স্থানীয় শ্রমিক দল নেতা সোহাগ। তিনি আগে শ্রমিক লীগ নেতা ছিলেন। বিএনপি ক্ষমতায় আসার পর তিনি শ্রমিক দল নেতা হয়ে যান। তার সঙ্গে অন্য যারা হামলায় অংশ নেন, তারাও শ্রমিক দলের কর্মী বলে স্থানীয়রা দাবি করেন।
নিউগিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ঘটনাটি নিছক কোনো আকস্মিক হামলা নয়। চাঁদা দাবি এবং জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। এর পেছনে সংঘবদ্ধ চক্র কাজ করছে।
রাজধানীতে দখল, চাঁদাবাজি সম্পর্কে ডিএমপির যুগ্ম কমিশনার মাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে, অনেক এলাকায় জমিকে কেন্দ্র করে বা জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে। এটা নিয়ে আমরা তদন্ত করছি।
মোহাম্মদপুরে জমি দখল-ভাঙচুর
এদিকে মোহাম্মদপুরের চাঁদ হাউজিং এলাকায় জমি দখল ও হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। জানা গেছে, ভোলার বাসিন্দা খোকন চৌধুরী ওই এলাকায় ১০ কাঠা জমি কিনে ভবন তৈরি করেছেন। হামলার পেছনে সাঈদ ইকবাল মাহমুদ (বস টিটু), সহিদুর আলম প্রিন্স, কাজী মঞ্জু হোসেন ও রেজাউল করিম খন্দকারসহ কয়েকজনের ইন্ধন রয়েছে। খোকন চৌধুরী জানান, জমিটি তাদের কেনা সম্পত্তি এবং সেটি পুনরুদ্ধারকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাকে হামলা ও দখলের চেষ্টা হিসেবে প্রচার করা হচ্ছে। খোকন চৌধুরী বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। দখলবাজ আলম হোসেন যুবলীগের কেন্দ্রীয় নেতা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ। বর্তমানে আত্মগোপনে থেকে অদৃশ্য শক্তির প্রভাবে তিনি আগের মতোই ক্ষমতা দেখাচ্ছেন। তারা স্থানীয় বিএনপি নেতাদের সাথে যোগসাজশে দখল সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছেন।
চাঁদা না পেয়ে শ্যামলীতে আটতলা বাড়িতে হামলা
রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি আটতলা বাড়িতে সশস্ত্র হামলা ও দখলের চেষ্টার খবর পাওয়া গেছে। বাড়ির মালিক ব্যবসায়ী আমিনুর রহমানের ভাতিজা মনির হোসেনের দাবি, ভোর সাড়ে ৬টার দিকে ১৫-২০ জনের একটি দল রামদা, চাপাতি ও পিস্তল নিয়ে বাড়িটির সামনে আসে। তারা গেট খুলে বাসিন্দাদের বের হয়ে যেতে বলে। গেট না খোলায় হামলাকারীরা ফটকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তারা সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ভাঙচুর করে। পরে ইট ছুড়ে আরো কয়েকটি জানালার কাচ ভাঙা হয়। তিনি অভিযোগ করেন, হামলার সময় পুলিশকে ফোন দিলে প্রায় তিন ঘণ্টা পর পুলিশ আসে। আদাবর থানায় এ বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছে।
আদাবর থানার ওসি জানান, বাড়িটি নিয়ে বিরোধ আছে। আগেও ঝামেলা হয়েছে। ২০২৪ সালের আগস্টে বাড়িটি দখলের পর আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে এবং গত ১২ মার্চ তারা বাড়িটির দখল ফিরে পান। স্থানীয়রা জানান, লোকজন অভিযোগ করেন, ওই দখলে সম্পৃক্ত ছিলেন মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক নান্নু। তাদের সঙ্গে ছিলেন বিএনপিকর্মী নুর নবী দেওয়ান ও জামাল হোসেনসহ কয়েকজন। তাদের নির্দেশেই লুটপাট ও ভাঙচুর করা হয়।
২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেফতার
চাঁদাবাজি এবং দখলবাজির সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাজধানীর ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মিজানুর রহমান ওরফে স্বপনকে গত ৫ অক্টোবর সোমবার গ্রেফতার করে। পুলিশ ও এসআরবি (সাবেক র‌্যাব) জানায়, মিজানুরের বিরুদ্ধে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিশেষ করে গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক কারবারিদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপি সভাপতি (সাবেক) গ্রেপ্তার
চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি শাহিনুর আলমকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত ৪ অক্টোবর রোববার রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নেয়ামুল হালিম খান জানান, ‘শাহিনুর তালিকাভুক্ত চাঁদাবাজ। গ্রেপ্তারের পর ইতোমধ্যে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ পুলিশের নথি অনুযায়ী, শাহিনুর ও সহযোগীরা খিলক্ষেত বাজার রেলগেট, বারুয়া, মাস্তুল, তালনা ও আশপাশের এলাকার অটোরিকশার গ্যারেজগুলো থেকে চাঁদা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। নথিতে বলা হয়েছে, ওই এলাকায় প্রায় ৩০ থেকে ৩৫টি অটোরিকশার গ্যারেজ রয়েছে, যেখানে এক হাজারের বেশি যানবাহন রাখা হয়। পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে, ওই চক্রটি প্রতিটি অটোরিকশা থেকে মাসে ৬০০ টাকা করে চাঁদা আদায় করত বলে অভিযোগ রয়েছে।
দখল চাঁদাবাজিতে নিন্দার ঝড়
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)সহ দেশের ৩৮ জন বিশিষ্ট নাগরিক এক যৌথ বিবৃতিতে সারা দেশে দখল চাদাবাজির ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এসব ঘটনা শুধু বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড নয়; এর সঙ্গে রাজনৈতিক মদদপুষ্ট প্রভাবশালী মহল ও আইনশৃঙ্খলা বাহিনীর একাংশের যোগসাজশ রয়েছে।
জাতীয় অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব উল্লাহ এ প্রসঙ্গে আক্ষেপ করে বলেন, ১৭ বছর চরম বৈরী পরিস্থিতির পর দল যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন তৃণমূলের নেতাকর্মীদের আইন না মানার প্রবণতা বড় সমস্যা তৈরি করছে। দলের উচিত দ্রুত এসব নেতাকর্মীকে নিবৃত্ত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংস্থাটির প্রধান শফিকুল ইসলাম বলেন, ‘প্রতিটি ঘটনা আলাদা করে তদন্ত চলছে। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি বিরোধপূর্ণ জমি দখল ও পাল্টা দখলকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে। তদন্তে যাদের সম্পৃক্ততা আসবে, তাদের আইনের আওতায় আনা হবে। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হবে, কারো রাজনৈতিক পরিচয় দেখা হবে না।’
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘কঠোর জিরো টলারেন্স নীতি ও রাজনৈতিক সদিচ্ছাই মূল সমাধান। চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত মামলা ও দৃশ্যমান শাস্তি, টার্মিনালে সরকারি নিয়ন্ত্রণ জোরদার এবং পুলিশের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা গুটিয়ে নেব : ঢাকা চেম্বার
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যবসা পরিচালনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজি, দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতি এমন মন্তব্য করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) জানিয়েছে, চাঁদাবাজি বন্ধ করা না গেলে ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন। নবগঠিত সরকারের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজস্ব ব্যবস্থার সংস্কার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর চাঁদাবাজি ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত উল্টো বেড়েছে। চাঁদাবাজিকে শক্ত হাতে দমন করা না গেলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে না। প্রয়োজনে চাঁদাবাজদের শনাক্ত করতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে ব্যবসায়ী সমাজ। তিনি বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক অর্থ দিতে হচ্ছে। পুলিশ, সিটি করপোরেশন, আয়কর দপ্তরসহ বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হয়।