ভয়াবহ রূপে ডেঙ্গু ও হাম : একদিনেই ১২ প্রাণহানি, আক্রান্ত ৩ সহস্রাধিক


৭ অক্টোবর ২০২৬ ২০:৪৩

স্টাফ রিপোর্টার : দেশে ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু ও হামের প্রকোপ। একদিকে মশাবাহিত ডেঙ্গুতে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা; অন্যদিকে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়া হামের সংক্রমণও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে গত ৫ অক্টোবর সোমবার। এর মধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৯ জন এবং হাম উপসর্গে মৃত্যু হয়েছে তিন শিশুর। একই সময়ে দুই রোগে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ। হাসপাতালগুলোয় বাড়ছে রোগীর চাপ, আর স্বজনদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হচ্ছে, গত ৫ অক্টোবর সোমবার হামের উপসর্গে মারা যাওয়া তিনজনই শিশু। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৭১ জনে পৌঁছানোর পাশাপাশি ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় দুই লাখে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে মশা নিয়ন্ত্রণ, টিকাদান, দ্রুত রোগ শনাক্তকরণ এবং চিকিৎসাব্যবস্থা জোরদারে কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগী রোগীর স্বজনদের।
ডেঙ্গুতে একদিনেই ৯ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় (গত ৪ অক্টোবর সকাল ৮টা থেকে ৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুয় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সর্বোচ্চ তিনজন মারা গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭১ জনে। গত ৫ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ মারা যাওয়া ৯ জনের মধ্যে পাঁচজন পুরুষ এবং চারজন নারী। চলতি বছর ডেঙ্গুতে মৃতদের মধ্যে পুরুষের হার প্রায় ৪৮ শতাংশ এবং নারীর হার ৫২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় (গত ৪ অক্টোবর সকাল ৮টা থেকে ৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৩৬০ জনে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৮৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮২ হাজার ৩৩৫ জন। নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪০১ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে, সিটি করপোরেশন এলাকা বাদে। খুলনায় ৩০৬, চট্টগ্রামে ২৭২, বরিশালে ২১৬, রাজশাহীতে ১০৫, ময়মনসিংহে ৯৮ এবং রংপুরে ৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ডিএনসিসি এলাকার হাসপাতালে ২০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ২২৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
ডেঙ্গুর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় (গত ৪ অক্টোবর সকাল ৮টা থেকে ৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৬ জন। গত ৫ অক্টোবর সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯৬ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬০ জন। গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন।
এ সময়ে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু ও হামের এই পরিসংখ্যান জনস্বাস্থ্যের জন্য নতুন করে বড় সতর্কবার্তা দিচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের সংক্রমণ এবং ডেঙ্গুতে ধারাবাহিক মৃত্যু ঠেকাতে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা, চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা জরুরি হয়ে উঠেছে।