জনগণের দুর্ভোগ না বুঝলে সরকারকে কঠিন পরিণতি ভোগ করতে হবে – অধ্যক্ষ নুরুল আমিন


২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩২

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ সেপ্টেম্বর সোমবার বিকেলে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদিঘী মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশ ও মিছিলে জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ শ্রমিক ও জনতা অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, জনগণের ওপর রাতের আঁধারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি; অন্যদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সব মিলিয়ে সাধারণ মানুষ আজ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। সরকার জনগণের কষ্ট ও দুর্দশা বোঝার মতো অবস্থায় নেই। মানুষের আয়-রোজগার বাড়ছে না অথচ প্রতিনিয়ত জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দিতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, খুলশি থানা আমীর আলমগীর ভুঁইয়া, চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার, নগর শূরা সদস্য সেলিমুজ্জামান, কোতোয়ালি থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদসহ নগর জামায়াত, বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা। প্রেস বজ্ঞপ্তি।