জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে – ড. হামিদুর রহমান আযাদ
৬ আগস্ট ২০২৬ ১৩:৫৯
চট্টগ্রাম সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে দেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু আজও জনগণ দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন ও সুশাসনভিত্তিক রাষ্ট্র পায়নি।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতা সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই রাজপথে নেমেছিল। সেই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে দেশের প্রতিটি বিভাগে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং সবার একটাই দাবি, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাইয়ের গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গত ১ আগস্ট শনিবার বিকেল ৫টায় নগরীর বহদ্দারহাট মোড়ে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বহদ্দারহাট মোড় থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুরাদপুর মোড়ে গিয়ে শেষ হয়।
হামিদুর রহমান আযাদ বলেন, তৎকালীন সরকার কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ এবং দমন-পীড়ন চালিয়েও গণআন্দোলন দমাতে পারেনি। সরকার উপলব্ধি করেছিল যে আন্দোলনের অন্যতম শক্তি ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। সে কারণে দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল। তিনি দাবি করেন, অতীতেও বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে জামায়াত ধৈর্যের পরিচয় দিয়েছে এবং দল নিষিদ্ধ হওয়ার পরও কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে স্বৈরাচারের পতনের আন্দোলনে অবিচল থেকেছে।
তিনি বলেন, শহীদদের রক্তের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করা হবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগর সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলম এবং জুলাই আন্দোলনের শহীদ ফয়সাল আহমেদ শান্তের পিতা জাকির হোসাইন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে অনুষ্ঠিত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের খুনিদের শাস্তির দাবিতে সারা দেশে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ সারা দেশে জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে এ কর্মসূচি পালন করে দলটি।
পঞ্চগড়ে বিশাল গণমিছিল
পঞ্চগড় সংবাদদাতা : গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে বিশাল গণ মিছিল ও গণসমাবেশ করেছে জেলা জামায়াত। গত ১ আগস্ট শনিবার বিকেলে পঞ্চগড় জেলা জামায়াতের উদ্যোগে গণমিছিল শেষে পঞ্চগড় চৌরাস্তা শেরে বাংলা পার্কে গণসমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য পঞ্চগড় জেলা আমীর সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলার নায়েবে আমীর সাবেক উপাধ্যক্ষ মাওলানা মো. মফিজ উদ্দীন, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন, পৌর আমীর মাওলানা মো. জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান সাঈদ নুরে আলম, আবুল বাশার বসনিয়া, মো. সফিউল্লাহ সুফি, ইউপি চেয়ারম্যান তোফায়েল হোসেন প্রধান, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও পৌর সেক্রেটারি মো. নাসির উদ্দীন প্রমুখ।
ঠাকুরগাঁওয়ে জামায়াতের গণমিছিল
ঠাকুরগাঁও সংবাদদাতা : গত ১ আগস্ট শনিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড জুলাই চত্বর হতে গণমিছিল বের করে জেলা জামায়াত। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন দলের নেতাকর্মীরা।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য এবং সাবেক ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন শহর আমীর অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীম, সদর আমীর মাওলানা মিজানুর রহমান, সদর সেক্রেটারি এস.এম আদিউল ইসলাম প্রমুখ।
কুমিল্লা মহানগরীতে সমাবেশ ও গণমিছিল
কুমিল্লা সংবাদদাতা : গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে গত ১ আগস্ট শনিবার বিকেল ৫টায় নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। সমাবেশ পরিচালনা করেন মহানগরী সেক্রেটারি মু. মাহবুবুর রহমান। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার, মহানগরী সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মদ মোল্লা এবং ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন, এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, মু. শাহাদাত হোসাইন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলামসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি গণমিছিল টাউনহল মাঠ থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহরপুর এলাকায় গিয়ে শেষ হয়।
রংপুরে বিশাল গণমিছিল
রংপুর সংবাদদাতা : জুলাই বিপ্লবের দ্বিতীয়য় বার্ষিকী উপলক্ষে ১১ দলের উদ্যোগে রংপুর মহানগরে গত ১ আগস্ট শনিবার বিকেলে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ গণমিছিলটি স্থানীয় জুলাই চত্বর, টাউন হল চত্বর, পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হয়ে নগরীর সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেস ক্লাব চত্বর, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে এই বিশাল গণমিছিল শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, মহানগর সহকারী সেক্রেটারি আল আমীন হাসান সদর উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল গণি, ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান প্রমুখ।
সাঁথিয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা : পাবনার সাঁথিয়ায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নিজামী পুত্র পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত করেছেন নেতাকর্মীরা। গত ১ আগস্ট শনিবার সাঁথিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে সাঁথিয়ায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত এ পথসভা অনুষ্ঠিত হয়। বোয়ালমারী কামিল মাদরাসা গেট থেকে মিছিল শুরু হয়ে সাঁথিয়া উপজেলা গেটের সামনে এসে শেষ হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনিসুর রহমানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন সাঁথিয়ার সংসদ সদস্য ব্যারিস্টার ড. নাজিবুর রহমান।
হাতিয়ায় সমাবেশ ও গণমিছিল
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ১ আগস্ট শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। গণমিছিলটি হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সামনে থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
হাতিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ফয়জুল বারী তারিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও এডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। এ সময় বক্তব্য দেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বেরহান উদ্দিন মাস্টার, হাতিয়া পৌর জামায়াতের আমীর তাওফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম উন্নয়ন সম্পাদক ও হাতিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী সাব্বির আহমেদ তাফসির এবং হাতিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল ওহাব বাবুল।
মুন্সীগঞ্জে বিশাল গণমিছিল
মুন্সীগঞ্জ সংবাদদাতা : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জ সদর উপজেলা জামায়াতের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা নায়েবে আমীর মাওলানা মো. নুরুল হক পাটোয়ারীর নেতৃত্বে গত ১ আগস্ট শানিবার বিকেলে কৃষি ব্যাংক সংলগ্ন জেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে সুপার মার্কেট গোল চত্বরে যেয়ে শেষ হয়। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মো নুরুল আমিন সিকদার। বক্তব্য দেন মুন্সীগঞ্জ পৌরসভার আমীর মাওলানা এইচ এম বায়েজিদ, মিরকাদিম পৌরসভা আমীর মাওলানা মুহাম্মদ গোলাম জিলানী প্রমুখ।
জুড়ীতে গণমিছিল ও সমাবেশ
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজার জেলার জুড়ীতে গণমিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। গত ১ আগস্ট শনিবার অনুষ্ঠিত গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আজিজ আহমদ কিবরিয়া, উপজেলা জামাত আমীর আব্দুল হাই হেলাল, সেক্রেটারি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উদ্দিন, জায়ফর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট সাখাওয়াত হোসেন ও সাগরনাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী লোকমান হোসেন প্রমুখ।
নাটোরে জামায়াতের গণমিছিল
নাটোর সংবাদদাতা : নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন, আইন শৃঙ্খলার চরম অবনতি, তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে জেলা জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ১ আগস্ট শনিবার সকালে নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে জেলা জামায়াতের উদ্যোগে একটি বিশাল গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পূণরায় সেখানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের পূর্ববর্তী সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নাটোর জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল হাকিম, শহর আমীর রাশেদুল ইসলাম, সদর আমীর অধ্যাপক মীর নুরুন্নবী ও ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু সাঈদ রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
মতলবে বিশাল র্যালি
মতলব (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণভোটের রায় মেনে নেওয়া, রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ১ আগস্ট শনিবার বিকেলে ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজারে দলীয় নেতাকর্মীরা সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য র্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুরুজ প্লাজার সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মোবিন। বিশেষ অতিথির বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ান এবং উপজেলা সেক্রেটারি মেহেদী হাসান নাজির।
চুয়াডাঙ্গায় জামাাতের গণমিছিল
চুয়াডাঙ্গা সংবাদদাতা : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ১ আগস্ট শনিবার বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখা, আলমডাঙ্গা উপজেলা শাখা, দামুড়হুদা উপজেলা শাখা ও জীবননগর উপজেলা শাখা পৃথক পৃথকভাবে এই গণমিছিল বের করে।
চুয়াডাঙ্গা সদর থানার মিছিলটি বিকাল সাড়ে ৫টায় শুরু হওয়ার প্রাক্কালে শহীদ হাসান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি এডভোকেট মো. আসাদুজ্জামান, সাবেক জেলা আমীর আনোয়ারুল হক মালিক, মো. কামাল উদ্দিন, উপজেলা আমীর মো. বিল্লাল হোসেন প্রমুখ। মিছিলটি বড়বাজার হয়ে টাউন ফুটবল ময়দানে এসে শেষ হয়। জীবননগর উপজেলা জামায়াতের মিছিলটি উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমানের নেতৃত্বে জীবননগর পাইলট হাইস্কুল মাঠ থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
দামুড়হুদা উপজেলা জামায়াতের মিছিলটি উপজেলা আমীর নায়েব আলীর নেতৃত্বে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে শেষ হয়। আলমডাঙ্গার উপজেলা জামায়াতের মিছিলটি ভারপ্রাপ্ত আমীর মাস্টার ইউসুফ আলীর নেতৃত্বে উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে সমগ্র শহর প্রদক্ষিণ শেষে আবার মডেল মসজিদে এসে শেষ হয়।
দাউদকান্দিতে বিশাল গণমিছিল
দাউদকান্দি কুমিল্লা সংবাদদাতা : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গত ১ আগস্ট শনিবার বিকালে দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামী ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল করা হয়েছে।
গণমিছিলটি দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে দাউদকান্দি পৌর বাজারে এসে বায়তুল আমান জামে মসজিদের সামনে প্রতিবাদ সভা করে নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামী আমীর মনিরুজ্জামান বাহালুল। গণমিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা জামায়াত ইসলামী এসিস্ট্যান্ট সেক্রেটারি কাউসার আলম, পৌর জামায়াতে ইসলামীর আমীর আবুল কাশেম প্রধানীয়া, পৌর জামায়াতের সেক্রেটারি শাজাহান তালুকদার, পৌর জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য বিল্লাল হোসেন মিয়াজী, উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সহ-সভাপতি ইসমাইল হোসেন হোসেন তালুকদার। পৌর যুব বিভাগের সভাপতি রেজাউল হক প্রমুখ।
লালমনিরহাটে জামায়াতের গণমিছিল
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা : জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার দাবিতে লালমনিরহাট জেলা জামায়াতের উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১ আগস্ট শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। লালমনিরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এডভোকেট আবু তাহের। বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট ফিরোজ হায়দার লাভলু, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আব্দুল বাতেন, জামায়াত নেতা আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লালমনিরহাট জেলা শাখার সেক্রোটারি আশরাফুল আলম সালেহী প্রমুখ।
দিনাজপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
দিনাজপুর সংবাদদাতা : জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখা। গত ১ আগস্ট শনিবার সকালে জেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় ইনস্টিটিউট মাঠে সমাবেশ করে দলটি।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দীন মোল্লা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত, দিনাজপুর-২ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, দিনাজপুর সদর আসনের এমপি প্রার্থী এডভোকেট মাইনুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মো. আনোয়ার হোসেন, শহর আমীর মাওলানা সিরাজুস সালেহীন, দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাসুদ রানা, ছাত্রশিবিরের উত্তর জেলা সভাপতি সোহানুর রহমান সোহান প্রমুখ।
সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বিশাল গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
কটিয়াদীতে সমাবেশ ও গণমিছিল
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ১ আগস্ট শনিবার বিকেলে উপজেলা সদরের কলামহল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড গোলচত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন বলে আয়োজকদের দাবি।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, নায়েবে আমীর সাইদুল হক (বিএসসি), সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল এবং আসন্ন কটিয়াদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আফজাল হোসেন জুয়েল প্রমুখ।
বগুড়া মহানগরীতে গণমিছিল ও সমাবেশ
বগুড়া সংবাদদাতা : গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বগুড়ায় গণমিছিল করেছে জামায়াত। গত ১ আগস্ট শনিবার বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার উদ্যোগে নগরীর নবাববাড়ীস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের পূর্বে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল হালিম বেগ, সেক্রেটারি আ. স. ম. আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, এডভোকেট আল আমিন, আব্দুল হামিদ বেগ, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস সালাম তুহিন এবং ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম, শ্রমিক নেতা আনোয়ারুল ইসলাম প্রমুখ।
সিলেট মহানগরীতে সমাবেশ ও গৎণমিছিল
সিলেট সংবাদদাতা : গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত। গত ১ আগস্ট শনিবার বাদ আসর নগরীর ঐতিহাসিক কোর্টপয়েন্টে গণমিছিল পূর্ব সমাবেশ করে জামায়াত।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
গণমিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান ও জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন প্রমুখ।