জুলাই সনদের ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে হবে -মিয়া গোলাম পরওয়ার
৩০ জুলাই ২০২৬ ১১:০৩
দিনাজপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই বিপ্লবের পর জনগণের আকাক্সক্ষা পূরণ হয়নি। জনগণের আকাক্সক্ষা পূরণ করতে জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে। তিনি বলেন, দেশ নিয়ে গভীর সড়যন্ত্র চলছে। তাই এখন কোনো বিভেদের সময় নয়, সব বিভেদ ভুলে দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
গত ২৩ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় দিনাজপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই জাতীয় সনদ এবং গণভোট : জনআকাক্সক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্যের ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা ১১ দলীয় ঐক্য এই সেমিনারের আয়োজন করে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশে এখন বড় সংকট জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় বাস্তবায়ন না করা। বিএনপি জাতিকে যে কথা দিয়েছিল, সে কথা তারা রাখেনি। এজন্য মানুষ আবারো রাস্তায় নামতে বাধ্য হবে। তিনি আরও বলেন, জাতি ১৯৭১ সাল, ১৯৯০ সালসহ অনেকবার রক্ত দিয়েছে। একটা জাতি আর কতবার রক্ত দিবে? জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতির রাজনৈতিক ও আদর্শিক মুক্তি আসবে না, বলেন সেক্রেটারি জেনারেল।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বিএনপি সব জায়গায় দলীয়করণ করেছে। জেলা পরিষদ, সিটি করপোরেশনসহ সব জায়গায় দলীয় লোক নিয়োগই তার প্রমাণ। বিএনপি বলে সংবিধানের বাইরে কিছু করা যাবে না। যে নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছে এই নির্বাচন তো সংবিধান অনুযায়ী হয়নি। জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকলেও গণভোটে নোট অব ডিসেন্ট নেই।
তিনি বলেন, বিএনপি সংবিধান সংশোধন করতে চায়। কিন্তু সংশোধন ও সংস্কার এক নয়। ৮৪টি সংস্কার প্রস্তাবে ৫ কোটি মানুষ ভোট দিয়েছে।
দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। দেশবিরোধী এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
দিনাজপুর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রংপুর সদর আসনের এমপি অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।
এছাড়া বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী এমপি, পঞ্চগড় জেলা আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ফকিহ মাওলানা আব্দুল হাকিম, টিম সদস্য আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দীন মোল্লা, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রাজিবুর রহমান পলাশ, জেলা এনসিপির আহ্বায়ক শামসুল মুক্তাদির, জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম, দিনাজপুর জেলা জামায়াতের ইউনিট সদস্য এডভোকেট মাইনুল আলম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, হাবিপ্রবির সাবেক প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক। সেমিনারে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা ও ১১দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।