তিস্তা নদীর ভাঙন : রংপুর পানি উন্নয়ন বোর্ড ঘেরাও এলাকাবাসীর


৩০ জুলাই ২০২৬ ১১:০২

রংপুর সংবাদদাতা : বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের বাগডোহরা, চর নোহালী, লক্ষ্মীটারী ইউনিয়নের বিনবিনা চর ও কোলকোন্দ ইউনিয়নের চর মটুকপুর এলাকার হাজার হাজার হেক্টর জমির ফসলসহ শত শত বাড়িঘর তিস্তা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে দ্রুত ভাঙন রোধের ব্যবস্থা না নেয়ার প্রতিবাদে রংপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
গত ২৬ জুলাই রোববার বিকেলে মহানগরীর তিস্তা প্রজেক্ট রংপুর পানি উন্নয়ন বোর্ড এলাকায় গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীপাড়ের এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে।
রংপুর জেলা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ আল মামুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচিতে অংশ নেয় শতাধিক এলাকাবাসী। পরে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রবিউল ইসলামের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি কোলকোন্দ ইউনিয়নের সদস্যসচিব বনী আমিনসহ ঐ এলাকার শতাধিক মানুষ।
ঘেরাও কর্মসূচিতে বক্তারা বলেন, এলাকার সাধারণ মানুষের নিজের ইচ্ছায় এবং অর্থায়নে বাঁধ নির্মাণ করলেও পানি কমে যাওয়ার সাথে সাথে নদী রক্ষা বাঁধসহ উপজেলার নোহালী, কোলকোন্দ ও লক্ষ্মীটারী ইউনিয়নে নদীভাঙনে অনেক বাড়িঘর ধসে গেছে। তারা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করলেও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জরিপ ও পরিদর্শন করে নদীভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। শিগগিরই নদীভাঙন রোধে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ না নিলে রংপুর- ঢাকা মহাসড়ক অবরোধসহ অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ ব্যাপারে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকায় রিপোর্ট করা হয়েছে। অনুমতি পেলেই স্থায়ীভাবে কাজ করবো।