সরকার গণভোট অস্বীকারের মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করছে -এটিএম আজহারুল ইসলাম
৩০ জুলাই ২০২৬ ১০:৫৪
বগুড়া সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, শত শত মানুষ জীবনের বিনিময়ে শেখ হাসিনার ফ্যাসিবাদকে তাড়িয়েছিল একটি নতুন বাংলাদেশ পাওয়ার আশায়। তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি।
তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মৌলিক সংস্কারের আশায় দেশের মানুষ গণভোটে অংশ নিলেও সেই গণভোটকেই এখন অস্বীকার করা হচ্ছে। সরকার গণভোটে ৭০ শতাংশ মানুষের রায়কে অস্বীকারের মাধ্যমে মূলত জনগণের সাথে প্রতারণা করছে। আমরা যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো।
গত ২৪ জুলাই শুক্রবার বিকেলে বগুড়ার শাহ ওয়ালী উল্লাহ মিলনায়তনে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন বগুড়া অঞ্চলের কৃষিজীবী শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের বগুড়া অঞ্চল সভাপতি প্রভাষক আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল হক সরকার, বগুড়া মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন, অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বগুড়া মহানগর সভাপতি আজগর আলী, বগুড়া জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, এডভোকেট আল আমিন।