শহীদ সিরাজী-এর কবিতা

‘লাল জুলাই’-এর কবিতা


১৫ জুলাই ২০২৬ ১৩:৪০

আমি জুলাই-২৪ বলছি
অবিরত হেরে যাচ্ছি আমি
যা বলছি বা যা করছি সবকিছুই ঝরা পাতা
কেবল ঝরে ঝরে পড়ছে
যেন শিশিরবিন্দু; কড়া রোদে কর্পূর হচ্ছে
ভাবছি বৃক্ষ হলে ভালো হতো হৃদয় থাকতো না
কষ্ট ও সুখগুলো রেললাইন রেললাইন হাঁটতো টের পেতো না
ভাবছি বৃক্ষ হলে ভালো হতো চোখ থাকতো না
দেখতো না ‘জুলাই’ শিশুকে হামাগুড়ি দেয়ার আগেই মায়ের কোল থেকে ছিনিয়ে নেয়া হয়েছে হয়েছে
ভাবছি বৃক্ষ হলে ভালো হতো মুখ থাকতো না; কথা বলতে হতো না
কিংবা দূর্বাঘাস; সকলে মাড়িয়ে যেতো
ব্যথা লাগত না।
তবে পৃথিবীটা বসে নেই
পরিবেশ বদলে যাচ্ছে বদলে যাচ্ছে মানুষ
পলক সময় পলক ফেলতে পারবে কি; গ্যারান্টি নেই
তবুও নিজ দেশ আমাকে পরদেশী করছে
আবার কোন কোন বান্দা
নাছোড়বান্দার মতো লেগে আছে পিছে
কখনো কখনো দেখছি জীবনটা ফিলিস্তিন
কখনো চোখ হারা হচ্ছি কখনো পা
আমার বাড়িতে আমিই রিমান্ড কাটছি
বেঁধে রেখে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে
আমার মানচিত্রটা যেন ফুটবল
অবিরাম ড্রপ খেয়ে খেয়ে ফিরে আসছে আবার হারিয়ে যাচ্ছে লুটপাটের ভাগাড়ে
কখনো ফেলানি; ঝুলে আছে কাঁটাতারে দাঁড়িয়ে আছে আমার অস্তিত্ব
এশিয়ান টেকটনিকের সংযোগে
কী জানি কখন ঘুম ভেঙে যায় ভূমিকম্পের

তবু আমি ‘জুলাই ‘২৪ বলছি
আবু সাঈদ, হাদিদের বেহেশতি প্রত্যাশা বলছি
আমি ফিরে এসেছি, ফিরে আসবো বারবার
ফিরে আসবো বিসুভিয়াস হয়ে
ফুসে উঠবো জুলাইয়ের রক্তলাভা হয়ে
আমি জুলাই; কখনো হার মানতে জানি না!