ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আলেমদের রক্তে অর্জিত – ড. খলিলুর রহমান মাদানী
৮ জুলাই ২০২৬ ১৯:২০
বগুড়া সংবাদদাতা : সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের মহাসচিব ড. খলিলুর রহমান মাদানী বলেছেন, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে আলেমদের রক্তের ওপর দাঁড়িয়ে। হক ও সত্যের পথে অবিচল থেকে দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে আলেমদের ত্যাগ স্বীকার করার ইতিহাস দীর্ঘ। আলেমদের যে চারিত্রিক ও ঐক্যের শক্তি রয়েছে, তা ইসলামের বিরোধীদের নেই।
গত ৪ জুলাই শনিবার সকালে শহরের নবাববাড়ী রোডের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে বগুড়া জেলা ওলামা-মাশায়েখ পরিষদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খলিলুর রহমান মাদানী বলেন, আজ আমরা দেশ ও দশের জন্য যে দায়িত্ব পালন করছি, তা কেয়ামত পর্যন্ত অব্যাহত রাখতে হবে। আলেমদের পেছনে সবাই কাজ করলেও, সবার আগে হুঙ্কার দিয়েছিল ওলামায়ে কেরাম।
আন্দামান দ্বীপপুঞ্জে আলেমদের ওপর চালানো নির্যাতনের ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, আমাদের বাহিনী এমন বাহিনী- যাদের চারিত্রিক শক্তি ও ঐক্যের শক্তি অদম্য। একজনকে নিতে গেলে আমরা সবাই যাব- এই ঐক্যই আমাদের বড় শক্তি।
সমাবেশে প্রধান আলোচক ছিলেন ঢাকার বায়তুস সালাত জামে মসজিদের খতিব আল্লামা আলী হাসান উসামা। তিনি বলেন, মউতের ফয়সালা আসমানে হয়, জমিনে নয়। আইয়ুব খানের আমলে আলেমদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি জানান, মাওলানা মওদূদীর (রহ.) ফাঁসির আদেশের সময়ও তিনি অবিচল ছিলেন। তিনি বলতেন, মউতের ফয়সালা আকাশে হয়, জমিনে নয়’। আজ আমাদের সেই বলিষ্ঠ ঈমানের প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, আমরা যে যে মাজহাবে আছি অসুবিধা নেই, কিন্তু ইসলামের পক্ষে আমরা সবাই এক। অতীতের মতো বর্তমানেও আমাদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
ওলামা মাশায়েখ পরিষদ ও বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা মমতাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল বাছেতের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগড়া মহানগরী আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারসহ স্থানীয় ওলামা-মাশায়েখ।