সংবাদপত্রের পাতা থেকে


১ জুলাই ২০২৬ ২১:১৮

চলতি সপ্তাহের সংবাদপত্রে দেশ-বিদেশের বেশকিছু গুরুত্বপূর্ণ সংবাদ স্থান পেয়েছে। সোনার বাংলার পাঠকদের জন্য এ সংখ্যায় সংবাদপত্রের গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরা হলো।
দৈনিক সমকালে গত ১ জুলাই বুধবার জনস্বাস্থ্য নিয়ে ‘ডেঙ্গুর বড় ঝুঁকি নিয়ে শুরু হলো জুলাই’ শীর্ষক একটি সংবাদ ছেপেছে। হাম তাণ্ডবের মধ্যে ডেঙ্গুর ঝুঁকি নাগরিকদের মাঝে উদ্বেগকে বাড়িয়ে দেবে। সংবাদটিতে বলা হয়েছে, সাড়ে তিন মাস ধরে সংক্রমণ ভীতি ছড়িয়ে যাচ্ছে হাম। টিকাসহ নানা উদ্যোগেও কমছে না এই রোগের প্রকোপ। এর মধ্যেই আবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। শুধু জুনেই রোগী হয়েছে চার গুণ। মৃত্যুও বাড়ছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবিলায় লক্ষ্যভিত্তিক মশা নিয়ন্ত্রণের তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, এখনই পদক্ষেপ না নিলে জুলাইয়ে ভয়াবহ হয়ে উঠতে পারে ডেঙ্গু। আর জেলা-উপজেলা পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করতে না পারলে মৃত্যু আরও বাড়তে পারে।
সমকালে ‘আপিল বিভাগের রায় : আসলামের প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না’ আরেকটি প্রতিবেদন ছাপা হয়েছে। এতে বলা হয়, ঋণ খেলাপি হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ গত ৩০ জুন মঙ্গলবার এ রায় দেন। এর ফলে তাঁর নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। রায়ের পর তিনি সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম-৪ আসনে নতুন করে ভোট হতে পারে।
শিল্প কারখানার করুণ দশা নিয়ে গত ১ জুলাই বুধবার প্রতিবেদন করেছে দৈনিক কালের কণ্ঠ। ‘চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়’ শিরোনামের সংবাদে বলা হয়, বছরের পর বছর অপেক্ষার পরও মিলছে না গ্যাস সংযোগ। ডিমান্ড নোটের টাকা পরিশোধ করেও উৎপাদনে যেতে পারছে না সাড়ে পাঁচ শতাধিক শিল্পপ্রতিষ্ঠান। এতে গ্যাস সংযোগের দীর্ঘসূত্রতায় চরম সংকটে পড়েছে দেশের শিল্প খাত।
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের রায় প্রকাশ নিয়ে প্রতিবেদন করেছে বণিক বার্তা। গত ১ জুলাই বুধবার ‘মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর ১০ বছর কারাদণ্ড’ শীর্ষক শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় তাকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। গত ১ জুলাই বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্রে বিদেশিদের নাগরিকত্ব পাওয়া নিয়ে যে জটিলতা ছিল তার অবসান হয়েছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের হেরে যাওয়াও উঠে এসেছে দেশটির আদালতের দেয়া রায়ের মাধ্যমে। এ নিয়ে গত ১ জুলাই বুধবার সংবাদ প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক। ‘যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প’ শিরোনামের সংবাদে বলা হয়, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। গত ৩০ জুন মঙ্গলবার ৬-৩ ভোটের ব্যবধানে দেওয়া এই রায়ে নিম্ন আদালতের দেওয়া স্থগিতাদেশই বহাল রাখা হয়েছে। অভিবাসন নীতি কঠোর করার এই উদ্যোগ বাতিল হওয়াকে ট্রাম্পের জন্য বড় ধরনের আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট পাস হয়েছে গত ৩০ জুন। ফ্যাসিবাদ পতনের পর ১২ ফ্রেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর এটিই প্রথম বাজেট। দৈনিক মানবজমিন গত ১ জুলাই বুধবার ‘৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়, জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর এটি বিএনপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থাপিত এ বাজেটের আকার বিদায়ী অর্থবছরের মূল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী নিয়ে নানা কর্মসূচি নিয়েছে বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ঘোষিত কর্মসূচি নিয়ে গত ১ জুলাই বুধবার সংবাদ ছেপেছে দৈনিক সংগ্রাম। ‘জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী জামায়াতের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা’ শিরোনামের সংবাদে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। গত ৩০ জুন মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
উত্তরাঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে গত ৩০ জুন মঙ্গলবার প্রতিবেদন করেছে মানবজমিন। ‘আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ’ শিরোনামের সংবাদে বলা হয়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের বৃষ্টিতে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে ওইসব জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদের বেড়িবাঁধ ভেঙে বামনডাঙ্গা ইউনিয়নের অন্তত ২০ গ্রামের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলকে নিয়ে ‘ছাত্রদল কবে নিয়মিত ছাত্রদের হবে’ শিরোনামে প্রতিবেদন করেছে আমার দেশ পত্রিকা। গত ৩০ জুনের এ প্রতিবেদনে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন কমিটি ঘোষণা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। গত কয়েকটি কমিটিতে ছাত্রদলের শীর্ষনেতাদের বয়স নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এটি শুধু সংগঠনটির ভেতরেই নয়, বরং ছাত্ররাজনীতি এবং কখনো কখনো জাতীয় রাজনীতিতেও আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। আসন্ন কমিটিতে বয়সের বিতর্ক এড়াতে হাইকমান্ডের দিকে তাকিয়ে ছাত্রদল।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় বিরোধীদল বেশকিছু বিষয়ের সমালোচনা করেছে। প্রস্তাব করেছে অনেক সংশোধনী আনার জন্য। এরই ধারাবাহিকতায় গত ২৯ জুন সোমবার বাজেট আলোচনায় অংশ নিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গত ৩০ জুন মঙ্গলবার দৈনিক নয়া দিগন্ত পত্রিকা ‘বাজেট বাস্তবায়নে বড় বাধা দুর্নীতি : ডা. শফিক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। এতে বলা হয়, দেশের বাজেট বাস্তবায়ন ও সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হলো দুর্নীতি, জবাবদিহির অভাব এবং সততা ও স্বচ্ছতার সঙ্কট। গত ৩০ জুন মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দেশের চলমান বিদ্যুৎ সমস্যা নিয়ে প্রতিবেদন করেছে দৈনিক ইনকিলাব। গত ৩০ জুন ‘লোডশেডিংয়ে বাড়ছে ক্ষোভ, দৈনন্দিন জীবনচক্রে ঘটছে ছন্দপতন : সামষ্টিক অর্থনীতিতে ফেলছে নেতিবাচক প্রভাব’ শিরোনামে ছাপানো খবরে বলা হয়, ‘ঢাকায়ও লোশেডিং দিতে হবে’। ‘কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে।’ ‘প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে। এ কারণে দেশের বিভিন্ন জায়গায় লোডশেডিং দিতে হচ্ছে।’
গত ৩০ জুন মঙ্গলবার বণিক বার্তায় ‘অর্থ বিল ২০২৬ পাস, করমুক্ত আয়ের সীমা বাড়ানো হলো, কমল লভ্যাংশের ওপর কর’ শিরোনামের খবরে বলা হয়, বেশকিছু গুরুত্বপূর্ণ সংশোধনী ও শুল্ক-কর ছাড়ের মাধ্যমে জাতীয় সংসদে গত ৩০ জুন মঙ্গলবার ‘অর্থবিল ২০২৬’ পাস হয়েছে। অর্থবিলের সংশোধনীতে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির পাশাপাশি জমি-ফ্ল্যাট ও ব্যাংক হিসাব খোলাসংক্রান্ত টিআইএন এবং বিনিয়োগের তথ্য প্রকাশের বিধান প্রত্যাহার করে নেয়া হয়েছে।
সম্প্রতি প্রথম বিদেশ সফর হিসেবে চীন ও মালয়েশিয়া ঘুরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে তিস্তা মহাপরিকল্পনা, বিদেশে বাংলাদেশের শ্রমবাজার ও বিদেশি বিনিয়োগসহ নানা বিষয় ছিল। গত ৩০ জুন মঙ্গলবার সমকাল ‘তিস্তা মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে’ শিরোনামে একটি সংবাদ ছেপেছে। এতে বলা হয়, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একে জাতীয় অগ্রাধিকার আখ্যা দিয়ে সরকারপ্রধান বলেছেন, দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে গত ২৯ জুন সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
দেশের আর্থিক খাত ব্যাংক ‘ব্যাংক রেজ্যুলেশন আইন’ নিয়ে সংবাদ ছেপেছে সমকাল। ‘পুরোনো মালিকদের ফেরার ধারা বাতিলের ঘোষণা’ শিরোনামের খবরে বলা হয়, একীভূত হওয়া পাঁচ ব্যাংকের পুরোনো মালিকদের ফেরার সুযোগ বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিভিন্ন পক্ষের সমালোচনার মুখে ব্যাংক রেজ্যুলেশন আইনের ১৮(ক) ধারা বিলোপ করবে সরকার। সোমবার বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এ ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। বার্তা স্পষ্ট যারা জনগণের সম্পদ লুট করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। আমানতকারীর স্বার্থ নিশ্চিত করা হবে।
গ্রন্থনা : আবু জায়েদ আনসারী।