যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত জাতীয় উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয় – এডভোকেট জুবায়ের
১ জুলাই ২০২৬ ২০:২১
সিলেট সংবাদদাতা : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, যুবসমাজ দেশের মূল্যবান সম্পদ। যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের মধ্যে জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয়। ফলে যেকোনো পরিস্থিতিতে যুবসমাজকে সাহসিকতা, হিকমত ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তাহলে দেশ, জাতি ও সমাজ উপকৃত হবে।
তিনি বলেন, দেশের কোটিরও বেশি যুবক বেকার। মাদক ও জুয়ার ভয়বহতায় যুবসমাজের নৈতিক অবক্ষয় গঠলেও সরকারিভাবে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। এমনকি দেশের কারাগারগুলোও মাদকের আখড়ায় পরিণত হয়েছে। জামায়াত দেশের বিশাল যুবসমাজকে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
গত ২৭ জুন শনিবার বিকেলে নগরীর নয়াসড়কস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমেদর সভাপতিত্বে এবং সেক্রেটারি নাজমুল হাসান শিকদারের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। দারসুল কুরআন পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাসুক আহমদ প্রমুখ।
সিলেট সদর উপজেলা জামায়াতের রুকন শিক্ষা সমাবেশ
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট মহানগরী নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেন, ইসলামী আন্দোলনের পথ কোনোকালেই সহজ ছিল না। কারণ দীন প্রতিষ্ঠার পথ জুলুম, নিপীড়ন ও শাহাদাতের পথ। সর্বোচ্চ ত্যাগের শপথ নিয়েই আমরা ইসলামী আন্দোলনে শামিল হয়েছি। এদেশে ইসলামী আন্দোলনের জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগের ইতিহাস রয়েছে। ভবিষ্যতেও যেকোনো ত্যাগ শিকারের জন্য রুকনদের প্রস্তুত থাকতে হবে। সর্বস্তরের জনশক্তিকে জনগণের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করতে হবে। সামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি করতে হবে।
গত ২৬ জুন শুক্রবার সিলেট মহানগরের সদর উপজেলা জামায়াতের রুকন শিক্ষা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা আমীর নাজির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রিন্সিপাল আল ইমরানের পরিচালনায় রুকন (সদস্য) শিক্ষা সমাবেশে বিশেষ অতিথির ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন।