কলারোয়ায় অসহায় নারীদের সেলাই মেশিন দিলেন ইজ্জত উল্লাহ এমপি
১ জুলাই ২০২৬ ২০:০৮
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার কলারোয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মহীন ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে নিজস্ব তহবিল থেকে সেলাই মেশিন বিতরণ করেছেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ এমপি। এ কর্মসূচির আওতায় ২৪ জন নারীকে নতুন সেলাই মেশিন দেয়া হয়।
গত ২৭ জুন শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয় চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা যায়, সেলাই প্রশিক্ষণ গ্রহণ করেও আর্থিক সংকটের কারণে যারা কাজ শুরু করতে পারছিলেন না, তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপির নিজস্ব তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়।
অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেন, সমাজের পিছিয়ে থাকা নারীদের শুধু প্রশিক্ষণ দিলেই হবে না, তাদের হাতে কাজের উপকরণও তুলে দিতে হবে। নারীরা স্বাবলম্বী হলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে। তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের আয়ের সুযোগ তৈরি করা একটি মানবিক ও সামাজিক দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ কামারুজ্জামান, নায়েবে আমীর মাওলানা মো. আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবুসহ উপজেলা ও পৌর শাখার নেতারা।